প্রায় সাড়ে তিন ঘণ্টা চেষ্টার পর রাজধানীর নিউ সুপার মার্কেটের আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে দাবি করেছেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন।
তিনি বলছেন, আগুন সকাল ৯টা ১০ মিনিটের দিকে নিয়ন্ত্রণে এসেছে। নিরাপত্তার স্বার্থে একটু দেরিতে জানানো হচ্ছে। তবে এ আগুন নির্বাপণ করতে আরো সময় লাগবে।
আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩০টি ইউনিট এখনো ঘটনাস্থলে কাজ করছে। আগুন পুরোপুরি নির্বাপণ হওয়া পর্যন্ত কাজ করবে ফায়ার কর্মীরা। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ও বিজিবির (বর্ডার গার্ড অব বাংলাদেশ) পাশাপাশি কাজ করছেন সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যরা। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যদের যোগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করে।
এর আগে আজ (শনিবার, ১৫ এপ্রিল) ভোর ৫টা ৪০ মিনিটে আগুন লাগে। ৫টা ৪৩ মিনিটের মধ্যে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের টিম পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ফায়ার সার্ভিসের সঙ্গে যোগ দিয়েছেন ১২ প্লাটুন বিজিবি সদস্য।
সূত্র: কালের কন্ঠ অনলাইন
দৈনিক সকালবেলা National Daily Newspaper
