বরগুনা প্রতিনিধি
“নার্সিং একটি মহৎ পেশা। এ পেশায় যদি নিজেকে দক্ষ হিসেবে তৈরি করা যায়, তাহলে চাহিদা কখনোই কমবে না, বরং দিন দিন বাড়বে। দেশের প্রয়োজন মিটিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের নার্সরা অবদান রাখবে—এটাই আমাদের লক্ষ্য।” গতকাল বুধবার বরগুনা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়নে এক জব ফেয়ারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বরগুনা জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলম।
আন্তর্জাতিক মানের দক্ষ নার্স তৈরির আহ্বান: জেলা প্রশাসক আরও বলেন, “বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নার্সদের নিয়ে অত্যন্ত আন্তরিকভাবে ভাবছেন। তিনি চান দেশের দক্ষ নার্সদের বিশ্ববাজারে প্রতিষ্ঠিত করতে। তাই প্রত্যেক শিক্ষার্থীকে সময়োপযোগী জ্ঞান ও দক্ষতা অর্জনে সচেষ্ট হতে হবে।” জব ফেয়ার আয়োজন ও অংশগ্রহণ: ওয়ার্ল্ড ব্যাংকের অর্থায়নে অঝঝঊঞ প্রকল্পের আওতায় বরগুনা নার্সিং ইনস্টিটিউটের ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সের চূড়ান্ত বর্ষের শিক্ষার্থীদের জন্য এই জব ফেয়ারের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরগুনা নার্সিং ইনস্টিটিউটের ইনস্ট্রাক্টর ইনচার্জ ও অঝঝঊঞ প্রকল্পের আইডিজি ম্যানেজার মরিয়ম আক্তার খাতুন। সঞ্চালনায় ছিলেন তৃতীয় বর্ষের শিক্ষার্থী আরিফা আক্তার মনি এবং দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী রাহিমা বেগম।
বিশিষ্টজনদের উপস্থিতি ও বক্তব্য: জব ফেয়ারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরগুনা সিভিল সার্জন ডা. মোহাম্মদ আবুল ফাত্তাহ্, বরগুনা প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট সোহেল হাফিজ, বরগুনা সদর উপজেলা নির্বাহী অফিসার মো. ইয়াছিন আরাফাত রানা, ঢাকা নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের উপপরিচালক (অর্থ ও বাজেট) শাহানা ইয়াসমিন, উপপরিচালক (মিডওয়াইফারি ফ্যাকাল্টি) ক্ষমা রাণী বাড়ৈ, বরগুনা আল্লাহ মালিক হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর ও বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মুহাম্মদ আবু হাসান এবং পেশেন্ট কেয়ার হাসপাতালের পরিচালক রাজিয়া আফরোজ সুহাদা।
চাকরির সুযোগ ও বায়োডাটা প্রদর্শন: জব ফেয়ারের শেষে শিক্ষার্থীরা বিভিন্ন স্টলে নিজেদের বায়োডাটা প্রদর্শন করেন। এই স্টলগুলো পরিদর্শন করেন বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মো. সালেহ মাহমুদ সুমন শরীফসহ বরগুনার বিভিন্ন প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের প্রতিনিধি ও কর্তৃপক্ষ। তারা জানান, যথাসম্ভব দক্ষতা ও যোগ্যতার ভিত্তিতে চাকরির সুযোগ দেওয়া হবে। এ সময় পেশেন্ট কেয়ার হাসপাতালের পক্ষ থেকে সদ্য চূড়ান্ত বর্ষের তিনজন শিক্ষার্থীকে চাকরির নিয়োগপত্র প্রদান করা হয়। জব ফেয়ারের মাধ্যমে যেমন শিক্ষার্থীদের সামনে কর্মসংস্থানের দরজা খুলে যাচ্ছে, তেমনি সমাজে নার্সিং পেশার মর্যাদা ও গুরুত্বও বাড়ছে বলে মত দেন অংশগ্রহণকারীরা।
দৈনিক সকালবেলা National Daily Newspaper
