চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রামে গতকাল সকাল থেকে থেমে থেমে বৃষ্টিপাত হচ্ছে। টানা ও ভারি বৃষ্টির কারণে নগরীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন অফিসগামী মানুষসহ সাধারণ পথচারীরা। এ বিষয়ে পতেঙ্গা আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ আব্দুর রহমান জানান, গতকাল সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত ৫৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় (সকাল ৯টা পর্যন্ত) মোট বৃষ্টিপাত হয়েছে ৬৮ দশমিক ৬ মিলিমিটার। পাশাপাশি সমুদ্র বন্দরে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি রয়েছে।
এদিকে, জলাবদ্ধতার ফলে নগরীর গুরুত্বপূর্ণ এলাকার সড়কগুলো পানিতে তলিয়ে গেছে। বিশেষ করে জিইসি মোড়, আগ্রাবাদ, চৌমুহনী, বাকলিয়া ও রাহাত্তারপুল এলাকায় জলাবদ্ধতা বেশি দেখা গেছে। এসব স্থানে যান চলাচল ব্যাহত হওয়ায় অফিসগামী ও শিক্ষার্থীরা দুর্ভোগে পড়েন। চৌমুহনী এলাকায় জলাবদ্ধতার শিকার হওয়া স্থানীয় বাসিন্দা মো. হানিফ বলেন, “সকালবেলা সবাই যখন অফিসের দিকে রওনা দেয়, ঠিক সেই সময় সড়কে হাঁটু থেকে কোমর সমান পানি ছিল। মানুষ চরম ভোগান্তির শিকার হয়েছে।” একইভাবে রাহাত্তারপুল এলাকার পোশাক শ্রমিক তমা বিশ্বাস জানান, “প্রতিদিন সকাল ছয়টায় অফিসে যাওয়ার জন্য বের হই। কিন্তু আজ পানির কারণে রাস্তায় কোনো গাড়িই ছিল না। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর একটিমাত্র গাড়ি পাই। এতে করে অফিসেও দেরি হয়ে যায়।” উল্লেখ্য, বর্ষা মৌসুম শুরুর আগেই চট্টগ্রামে এমন জলাবদ্ধতা নগর পরিকল্পনা ও ড্রেনেজ ব্যবস্থার দুর্বলতাকেই সামনে নিয়ে এসেছে। নগরবাসী মনে করছেন, দীর্ঘদিন ধরে স্থায়ী সমাধান না থাকায় প্রতি বছরই সামান্য বৃষ্টিতেই এমন চিত্র দেখা যায়।
দৈনিক সকালবেলা National Daily Newspaper
