Thursday , 25 June 2026
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
রংপুরে রেলগেট ও সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ

রংপুরে রেলগেট ও সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ

রংপুর ব্যুরোঃ
জুলাই গণঅভ্যুত্থানের শহীদ আবু সাঈদের শহর রংপুরের ঐতিহ্যবাহী কারমাইকেল কলেজের শিক্ষার্থীরা ২১ দফা দাবিতে গতকাল শনিবার আন্দোলনে নেমেছেন। দীর্ঘদিন ধরে অবকাঠামোগত সংকট, শিক্ষার পরিবেশ, নিরাপত্তা ইত্যাদি সমস্যার যথাযথ সমাধান না হওয়ায় তাঁরা এই আন্দোলনের পথ বেছে নিয়েছেন। গত শনিবার সকাল থেকে কলেজের প্রশাসনিক ভবনের সামনে জড়ো হয়ে শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করেন। পরে তারা লালবাগ রেলগেট ও আশপাশের সড়কে অবস্থান নেন, যার ফলে ওই এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়।

শিক্ষার্থীরা জানিয়েছেন, পর্যাপ্ত বাসের সংকট, শ্রেণিকক্ষে প্রয়োজনীয় সুবিধার অভাব, নতুন বিভাগ সংযোজন, ছাত্রী বিশ্রামাগারের অনুপযুক্ত পরিবেশ, নিরাপত্তাহীনতা, আইসিটি সুবিধার অভাবসহ নানা সমস্যা দীর্ঘদিন যাবত অবহেলিত রয়েছে। একাধিকবার কলেজ প্রশাসনকে এসব সমস্যার বিষয়ে অবহিত করা হলেও কার্যকর পদক্ষেপ গ্রহণ না করায় তারা অসন্তুষ্ট। অন্দোলনরত শিক্ষার্থী শিমলা আক্তার বলেন, “আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছি।

আমাদের দাবি পূরণ না হলে কর্মসূচি আরও কঠোর হবে। এটি আমাদের প্রাপ্য অধিকার, তাই দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব।” অন্য শিক্ষার্থী আল মাহামুদ আসাদ জানান, “এই আন্দোলন কোনো রাজনৈতিক দলের নয়। এটি আমাদের যৌক্তিক অধিকার আদায়ের আন্দোলন। আমরা চাই একটি আধুনিক ও মানসম্মত শিক্ষার পরিবেশ।” অপরদিকে, কলেজ প্রশাসনের সূত্রে জানা গেছে, শিক্ষার্থীদের দাবিসমূহ পর্যালোচনা করে যথাযথ ব্যবস্থা গ্রহণের বিষয়ে আলোচনা চলছে। শিক্ষার্থীদের এই আন্দোলনের প্রসঙ্গে অভিভাবক এবং সাধারণ মানুষ দ্রুত ও ইতিবাচক পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।

About Syed Enamul Huq

Leave a Reply