লালমনিরহাট জেলা প্রতিনিধিঃ
শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দর টানা ৮ দিন বন্ধ থাকবে। এ তথ্য নিশ্চিত করেছেন বুড়িমারী সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এ.এস.এম নিয়াজ নাহিদ।
জানা গেছে, বাংলাদেশের বুড়িমারী স্থলবন্দরের ওপারে ভারতের কোচবিহার রাজ্যের চ্যাংড়াবান্ধা এক্সপোটার্স অ্যাসোসিয়েশন একটি চিঠি দিয়ে ৮ দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার কথা জানিয়েছে বুড়িমারী সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনকে। চিঠির সূত্র উল্লেখ করে বুড়িমারী সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন আগামী ২৭ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ রাখার ঘোষণা দিয়ে আরো একটি চিঠি জারি করেছেন। চিঠির কপি স্থলবন্দর সংশ্লিষ্ট দপ্তর গুলোতে দেওয়া হয়েছে। বন্ধের চিঠি পাওয়ার সত্যতা নিশ্চিত করেছেন বুড়িমারী স্থল শুল্ক স্টেশন (কাস্টমস) ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
তবে উভয় স্থলবন্দরের পুলিশ অভিবাসন (ইমিগ্রেশন) চৌকি খোলা থাকবে এবং পাসপোর্ট ও ভিসাধারী যাত্রীদের চলাচল স্বাভাবিক থাকবে বলে জানিয়েছেন বুড়িমারী স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশের কর্মকর্তা আশরাফুল ইসলাম। আগামী ৫ অক্টোবর থেকে পূর্বের ন্যায় যথারীতি সিঅ্যান্ডএফ কার্যক্রম চলমান থাকবে।
বুড়িমারী স্থল শুল্ক স্টেশনের সহকারি কমিশনার (এসি) দেলোয়ার হোসেন বলেন, ‘শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে ভারতীয় চ্যাংরাবান্ধা স্থল শুল্ক স্টেশনের ব্যবসায়ীরা চিঠি দিয়ে ৮ দিন আমদানি-রপ্তানি বন্ধ রাখার কথা জানিয়েছে। বুড়িমারী স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনও চিঠি দিয়েছে। আমদানি রপ্তানি বন্ধ থাকলেও শুল্ক (কাস্টমস) দপ্তরের কার্যক্রম সচল থাকবে।’
দৈনিক সকালবেলা National Daily Newspaper
