জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বিশ্ববিদ্যালয়গুলোতে আবারও মাথাচাড়া দিয়ে উঠছে ক্ষমতার রাজনীতি। দেশের প্রতিষ্ঠানগুলোকেও দলীয়করণ করা হচ্ছে। ফ্যাসিবাদ বা কোনো স্বৈরতন্ত্র টিকিয়ে রাখার চেষ্টা হলে জনগণ আবারও সংগঠিত হবে। শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে রাজধানীতে রাজনৈতিক নেতৃবৃন্দ ও নাগরিকদের এনসিপিতে যোগদান অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
নাহিদ বলেন, নির্বাচনের সময় আমরা জনগণকে কমিটমেন্ট করেছিলাম—এটি কোনো সাধারণ নির্বাচন নয়, এটি দেশ পরিবর্তন ও রাষ্ট্র সংস্কারের নির্বাচন। কারণ নির্বাচনের পাশাপাশি গণভোটও হয়েছে। সরকার গঠনের পর সেই গণভোটকে অস্বীকার করা হয়েছে।
তিনি আরো বলেন, সরকার জুলাই গণ-অভ্যুত্থানের লেগেসি থেকে নির্বাচনকে বিচ্ছিন্ন করে এটিকে একটি সাধারণ ক্ষমতা পরিবর্তনের নির্বাচনে পরিণত করেছে। সংবিধানসহ গুরুত্বপূর্ণ সংস্কার প্রস্তাবগুলো একে একে বাতিল করা হচ্ছে।
তিনি উল্লেখ করেন, সারা দেশ থেকেই দলের প্রতি অভূতপূর্ব সাড়া পাওয়া যাচ্ছে। আমরা একটি সুসংগঠিত রাজনৈতিক দল গড়ে তুলতে চাই, যা তরুণ প্রজন্মের আকাঙ্ক্ষাকে ধারণ করে বাংলাদেশকে আন্তর্জাতিকভাবে মর্যাদাপূর্ণ রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করবে, কর্মসংস্থান নিশ্চিত করবে, বৈষম্য দূর করবে এবং গণতন্ত্র প্রতিষ্ঠা করবে।