অনলাইন ডেস্কঃ
এজলাসে তোলার সময় দায়িত্বরত পুলিশকে শাসিয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু।
জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যাসহ আট অভিযোগে দায়ের হওয়া মানবতাবিরোধী অপরাধের মামলায় মঙ্গলবার (৩০ জুন) দুপুর ১টা ৪২ মিনিটে হাজতখানা থেকে তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর এজলাসে তোলার সময় এ ঘটনা ঘটে।এদিন হাসিমুখেই কাঠগড়ায় উঠতে দেখা যায় ইনুকে।
ওই ঘটনার সময় ধারণকৃত একটি ভিডিওতে দেখা যায়, আদালতে তোলার সময় দায়িত্বরত এক পুলিশ সদস্যকে আঙুল উঁচিয়ে শাসাতে থাকেন ইনু। ওই পুলিশ সদস্য তার হাত ধরতে গেলে ইনু উত্তেজিত হয়ে বলে ওঠেন, ‘হাত ধরবেন না, ভদ্রতা শিখুন’।
এদিকে এই মামলায় রায় ঘোষণা করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল।প্যানেলের অন্য দুই সদস্য হলেন- অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মঞ্জুরুল বাছিদ এবং জেলা ও দায়রা জজ নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।
রায়ে জুলাই গণঅভ্যুত্থানে কুষ্টিয়ায় ৬ জনকে হত্যা ও মানবতাবিরোধী অপরাধের মামলার একমাত্র আসামি হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল।
ইনুর বিরুদ্ধে মোট আটটি অভিযোগ আনা হয়। এর মধ্যে ১, ২, ৪, ৫ ও ৮ নাম্বার অভিযোগে তাকে খালাস দেন আদালত।
দৈনিক সকালবেলা National Daily Newspaper
