বাংলাদেশ প্রেস কাউন্সিলের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। সোমবার (২৮ জুলাই) তথ্য মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম ও নিউ এইজের সম্পাদক নূরুল কবীরকে রেখে এ নতুন কমিটি ঘোষণা করা হয়। তবে মঙ্গলবার (২৯ জুলাই) কমিটি থেকে নিজের নাম প্রত্যাহারের ‘অনুরোধ’ জানিয়েছেন সম্পাদক নূরুল কবীর।
তিনি বলছেন, তথ্য মন্ত্রণালয়ের গেজেট প্রকাশের আগে সরকারের তরফ থেকে কেউ তার সম্মতি নেয়নি।
নূরুল কবীর ফেসবুকে লেখেন, অত্যন্ত অবাক করার বিষয় হল, তথ্য মন্ত্রণালয় প্রেস কাউন্সিলের সদস্য হিসেবে আমার নাম, সেটাও ভুল বানানে গেজেটভু্ক্ত করেছে আমার পূর্বানুমোদন ছাড়াই। অতীতে একাধিক সরকার এ কাউন্সিলে থাকতে আমাকে অনুরোধ করেছে, যা বিনয়ের সঙ্গে প্রত্যাখ্যান করেছি।
প্রেস কাউন্সিলের ১২ সদস্যের যে কমিটি ঘোষণা করা হয়েছে, সেখানে নূরুল কবীর ও মাহফুজ আনাম ছাড়াও রয়েছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহীন, ইকোনমিক রিপোর্টার্স ফোরামের সভাপতি দৌলত আকতার মালা, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. শহিদুল ইসলাম ও বণিক বার্তার সম্পাদক ও প্রকাশক দেওয়ান হানিফ মাহমুদ।
এ ছাড়া ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসের সম্পাদক শামসুল হক জাহিদ, দৈনিক পূর্বকোণের সম্পাদক রমিজ উদ্দিন চৌধুরী ও নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (নোয়াব) উপদেষ্টা আখতার হোসেন খান রয়েছেন।
এর আগে সুপ্রিম কোর্টের হাই কোর্ট বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি মো. এ কে এম আবদুল হাকিমকে বাংলাদেশ প্রেস কাউন্সিলের নতুন চেয়ারম্যান করে অন্তর্বর্তী সরকার; তাকে তিন বছরের জন্য ওই পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়ার কথা বলা হয়।
আওয়ামী লীগ সরকারের আমলে প্রেস কাউন্সিলের চেয়ারম্যানের দায়িত্ব পাওয়া মো. নিজামুল হকের চুক্তিভিত্তিক নিয়োগ গত ৯ সেপ্টেম্বর বাতিল করা হয়। তার আড়াই মাস পর দায়িত্ব দেওয়া হয় আবদুল হাকিমকে।
দৈনিক সকালবেলা National Daily Newspaper
