বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির আবারও গুপ্ত রাজনীতিতে ফিরতে চাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা রাশেদ খান। তিনি দাবি করেন, ছাত্ররাজনীতি নিষিদ্ধ নয়, অপসংস্কৃতি নিষিদ্ধ হোক। আজ রবিবার নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব মন্তব্য করেন রাশেদ খান। তিনি বলেন, গণ-অভ্যুত্থানের পর থেকে ছাত্ররাজনীতিতে ইতিবাচক পরিবর্তন হয়েছে।
জোরপূর্বক মিছিল-মিটিংয়ে শিক্ষার্থীদের নিয়ে যাওয়া, গণরুম-গেস্টরুমের নির্যাতন কোনোটাই নেই। কিন্তু শিবির গণ-অভ্যুত্থান চলাকালীন ছাত্ররাজনীতি নিষিদ্ধ চেয়েছিল। কারণ তারা ভাবছিল যে হয়তো তারা আওয়ামী লীগের পতনের পরেও সেইভাবে প্রকাশ্যে রাজনীতির সুযোগ পাবে না। শিয়ালের লেজ কাটা গল্পের মতো আরকি।
রাশেদ খান বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময় তারা (শিবির) একের পর এক আত্মপ্রকাশ করেছে। সবাই তাদের সাধুবাদ জানিয়েছে। শিবিরের যারা প্রকাশ্যে এসেছে, আজ অবধি কারো কোনো সমস্যা হয়নি। কিন্তু গুপ্ত হয়ে সাধারণ শিক্ষার্থী সেজে থাকার মধ্যে অনেক সুবিধা আছে।
যেটা তারা গুপ্ত থাকার আগে ও সুপ্ত হওয়ার পরের সময়ের মধ্যে এনালিসিস করে পেয়েছে। এ কারণে শিবির আবারও গুপ্ত হতে চাচ্ছে।
সর্বশেষ ছাত্ররাজনীতি নিষিদ্ধ নয়, অপসংস্কৃতি নিষিদ্ধ হোক—এমনটাই চান বলে জানান রাশেদ খান।
দৈনিক সকালবেলা National Daily Newspaper
