‘বাংলাদেশের অর্থনীতি : সম্ভাবনা এবং চ্যালেঞ্জ’ শীর্ষক একটি বিশেষ সেমিনার আজ নিউইয়র্ক সিটির বিশ্বখ্যাত কলম্বিয়া ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হবে। বাংলাদেশের শীর্ষ দৈনিক সংবাদপত্র বাংলাদেশ প্রতিদিন আয়োজিত এ সেমিনার সকাল ১০টায় শুরু হয়ে চলবে বেলা ১টা পর্যন্ত।
বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজামের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথির বক্তব্য দেবেন বদলে দেওয়া বাংলাদেশের রূপকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশেষ অতিথি থাকবেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে এ মোমেন।
এ সময় নিজ নিজ পর্যবেক্ষণ দেবেন যুক্তরাষ্ট্র প্রবাসীদের মধ্যে স্টেট সিনেটর (জর্জিয়া) শেখ রহমান, স্টেট সিনেটর (কানেকটিকাট) মো. মাসুদুর রহমান, স্টেট রিপ্রেজেনটেটিভ (নিউহ্যামশায়ার) আবুল বি খান এবং মেলবোর্ন সিটির মেয়র মাহাবুবুল আলম তৈয়ব। সময়ের প্রয়োজনে অত্যন্ত গুরুত্বপূর্ণ এ সেমিনারের অডিয়েন্সে থাকবেন শিক্ষার্থীরাও।
আমন্ত্রণ জানানো হয়েছে বীর মুক্তিযোদ্ধাসহ বিশিষ্টজনদের। আসন সংখ্যা সীমিত হওয়ায় শুধু আমন্ত্রিতরাই প্রবেশাধিকার পাবেন। উল্লেখ্য, শুরুতে এক ঘণ্টা প্রাতরাশের পাশাপাশি পারস্পরিক কুশলাদি বিনিময় করার সুযোগ রয়েছে। দুপুরের খাবার শেষে সেমিনারের পরিসমাপ্তি ঘটবে।
দৈনিক সকালবেলা National Daily Newspaper
