খুলনা ব্যুরোঃ
খুলনায় আলোচিত এসআই সুশান্ত দাশকে জনতা মারধর করে পুলিশের কাছে সোপর্দ করেছে। গত মঙ্গলবার (২৪ জুন) বিকেল সোয়া ৪টার দিকে মহানগরীর ইস্টার্ন গেট এলাকায় এ ঘটনা ঘটে। বর্তমানে তিনি খানজাহান আলী থানা পুলিশের হেফাজতে রয়েছেন। জানা গেছে, বিএনপি নেতাকর্মীদের ওপর নির্যাতনের অভিযোগে অভ্যুত্থানের পরে এসআই সুকান্তর বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করেন ভুক্তভোগীরা। দীর্ঘদিন ধরেই তিনি রাজনৈতিক কর্মীদের নিপীড়নের জন্য আলোচনায় ছিলেন।
এদিন ইস্টার্ন গেট এলাকায় বিএনপির একটি পূর্বঘোষিত কর্মসূচি চলাকালে সিএনজি চালিত একটি থ্রি—হুইলারে করে ঐ এলাকা অতিক্রম করছিলেন এসআই সুকান্ত। হঠাৎ থ্রি—হুইলারটি যাত্রী ওঠানোর জন্য থামলে সেখানে উপস্থিত কিছু বিএনপি নেতাকর্মী তাকে সনাক্ত করে। এরপর উত্তেজিত কর্মীরা তাকে গাড়ি থেকে নামিয়ে মারধর করে।
পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলেও তা দ্রুত নিয়ন্ত্রণে আসে। উপস্থিত সিনিয়র বিএনপি নেতারা পরিস্থিতি শান্ত করে সুকান্তকে পুলিশের হাতে তুলে দেন। এ বিষয়ে খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, “নিরাপত্তার স্বার্থে এসআই সুকান্তকে হেফাজতে নেওয়া হয়েছে। তার শরীরে বড় কোনো আঘাত নেই, শুধুমাত্র তার গায়ের টি—শার্ট ছিঁড়ে গেছে।” স্থানীয় সূত্রে জানা গেছে, বিএনপি নেতাকর্মীদের মাঝে তার বিরুদ্ধে দীর্ঘদিনের ক্ষোভ জমে ছিল।
সম্প্রতি তার বিরুদ্ধে আনীত নির্যাতনের অভিযোগ নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা চলছিল। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করলেও প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।
দৈনিক সকালবেলা National Daily Newspaper
