নাটোর প্রতিনিধিঃ
নাটোরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সিএনজি অটোরিকশার চালকসহ চারজন নিহতের ঘটনায় বাসচালক মামুনুর রশিদকে গ্রেফতার করেছে হাইওয়ে পুলিশ। বুধবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়। এর আগে মঙ্গলবার রাত ৮টার দিকে রাজশাহীর চকপাড়া এলাকা থেকে মামুনুর রশিদকে আটক করা হয়। তিনি রাজশাহীর পুঠিয়া থানার ভাংড়া গ্রামের আশরাফ আলীর ছেলে। ঘটনার বিষয়ে ঝলমলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুর রহমান জানান, গত ২০ জুন বিকেল সাড়ে ৪টার দিকে নাটোর—রাজশাহী মহাসড়কের বনবেলঘড়িয়া এলাকায় রাব্বী পরিবহনের একটি যাত্রীবাহী বাস সিএনজি অটোরিকশাকে চাপা দেয়। এতে চালকসহ চারজন ঘটনাস্থলেই নিহত হন।
দুর্ঘটনার পর নিহত সিএনজি চালক বাবুর স্ত্রী বাদী হয়ে সড়ক পরিবহন আইনে একটি মামলা দায়ের করেন। মামলাটির ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্ত বাসচালক মামুনুর রশিদকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ জানায়, মামলাটির তদন্ত অব্যাহত রয়েছে এবং দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এই দুর্ঘটনায় এলাকাবাসী ও স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
দৈনিক সকালবেলা National Daily Newspaper
