Wednesday , 24 June 2026
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
গণভোট আয়োজনকে অসাংবিধানিক অ্যাখ্যা দিয়ে ইসিতে জাসদের চিঠি
--সংগৃহীত ছবি

গণভোট আয়োজনকে অসাংবিধানিক অ্যাখ্যা দিয়ে ইসিতে জাসদের চিঠি

অনলাইন ডেস্ক:

জুলাই সনদ বাস্তবায়নে গণভোট আয়োজনকে অসাংবিধানিক অ্যাখ্যা দিয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ। আজ বুধবার (২৪ ডিসেম্বর) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বরাবর দেওয়া এক চিঠিতে দলটির পক্ষ থেকে বিষয়টি জানানো হয়। নির্বাচন কমিশনের সংবিধান লঙ্ঘনের মতো কোনো অসাংবিধানিক ও বেআইনি কার্যক্রমে যুক্ত হওয়া সমীচীন নয় বলে চিঠিতে জানায় দলটি।

সিইসিকে দেওয়া জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক শওকত রায়হান ও ওবায়দুর রহমান চুন্নুর স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের স্পেশাল রেফারেন্স নং ১/২০২৪-এ ব্যক্ত মতামত অনুসারে রাষ্ট্রের নির্বাহী কার্য পরিচালনার নিমিত্ত অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণ করে।

জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ মনে করে, নির্বাহী কার্য পরিচালনার সীমা অতিক্রম করে অন্তর্বর্তীকালীন সরকারের গণভোট আয়োজনের মতো কোনো নীতিগত সিদ্ধান্ত গ্রহণের এখতিয়ার নেই। জাসদ মনে করে যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ ৯৪(১)(খ) অনুসারে গণভোট আয়োজন বিষয়ে কোনো অধ্যাদেশ জারি করা অসাংবিধানিক। জাসদ আরো মনে করে যে, সংবিধান সংশোধনের জন্য গণভোট আয়োজনের সিদ্ধান্ত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের দশম ভাগের সংবিধান সংশোধন বিষয়ক অনুচ্ছেদ ১৪২(ক)(আ) অনুযায়ী অসাংবিধানিক। জাসদ মনে করে সাংবিধানিক প্রতিষ্ঠান বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক সংবিধান লঙ্ঘনের মতো কোনো অসাংবিধানিক ও বেআইনি কার্যক্রমে যুক্ত হওয়া অসমীচিন।
চিঠিতে আরো বলা হয়, জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ মনে করে, একদিকে দেশের সর্বশেষ রাজনৈতিক পটপরিবর্তনের প্রেক্ষাপটে এক পক্ষকে সব আইনের ঊর্ধ্বে রেখে ইনডেমনিটি বা দায়মুক্তি প্রদান করে সংবিধান লঙ্ঘন করা হয়েছে এবং অন্যদিকে অপর পক্ষকে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য হাজার হাজার গায়েবি মামলা করার মাধ্যমে একটি অন্তর্ভুক্তিমূলক সংসদ নির্বাচন অসম্ভব করে দেওয়া হয়েছে।

‘জাসদ সুস্পষ্টভাবে মনে করে, জাসদ সভাপতি হাসানুল হক ইনুসহ মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের পক্ষের রাজনৈতিক দলগুলোর নেতাকর্মী-সমর্থকদের বিরুদ্ধে দায়েরকৃত সব মিথ্যা মামলা প্রত্যাহার করা ছাড়া জাতীয় সংসদের অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের পরিবেশ তৈরি হবে না। এ ছাড়া জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের কেন্দ্রীয় কার্যালয়সহ নিবন্ধিত বিভিন্ন দলের কার্যালয়ে হামলা ও ভাঙচুর করা হয়েছিল। এখনো বিভিন্ন জেলায় জাসদের কার্যালয় সন্ত্রাসীদের দখলদারি রয়েছে।

নিবন্ধিত আরো বেশ কিছু রাজনৈতিক দলের কার্যালয় মব সন্ত্রাসীদের দখলে রয়েছে। রাজনৈতিক কার্যালয় দখলমুক্ত না করলে এবং রাজনৈতিক নেতাদের ওপর সারা দেশে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার না করলে জাতীয় সংসদ নির্বাচনের উপযুক্ত পরিবেশ কখনোই তৈরি হবে না।’

About Syed Enamul Huq

Leave a Reply