মোঃ ইব্রাহীম খলিল
গাজীপুর প্রতিনিধি:
গাজীপুর মহানগরে অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ অভিযান চালিয়ে দুই যুবককে গ্রেপ্তার করেছে গাজীপুর মহানগর পুলিশ (জিএমপি)। এ সময় তাদের কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, ১০ রাউন্ড গুলি এবং একটি নম্বরপ্লেটবিহীন মোটরসাইকেল জব্দ করা হয়।
জিএমপি সূত্র জানায়, মঙ্গলবার (১৪ জুলাই) সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার পাজুলিয়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম ও পুলিশ পরিদর্শক (তদন্ত) মেহেদী হাসানের নেতৃত্বে পরিচালিত অভিযানে সন্দেহভাজন দুইজনকে আটক করে তল্লাশি চালানো হলে তাদের কাছ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন লক্ষ্মীপুর জেলার রায়পুর থানার কাজীরচর এলাকার তানজিম আহমেদ সোহেল (৩০) এবং গাজীপুর মহানগরের নীলেরপাড়া এলাকার মো. বাবু। তাদের ব্যবহৃত লাল রঙের একটি নম্বরপ্লেটবিহীন TVS Apache 4V 160cc মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।
বুধবার (১৫ জুলাই) সকালে সদর থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে জিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) মো. বেলায়েত হোসেন জানান, মহানগরে অপরাধ দমন, অবৈধ অস্ত্র উদ্ধার এবং জননিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। তিনি বলেন, সন্ত্রাস ও অস্ত্রধারীদের বিরুদ্ধে পুলিশের অভিযান ভবিষ্যতেও চলবে এবং অপরাধ দমনে জিএমপি ‘জিরো টলারেন্স’ নীতিতে কাজ করছে।
এ ঘটনায় গ্রেপ্তার দুইজনের বিরুদ্ধে সদর থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
দৈনিক সকালবেলা National Daily Newspaper
