লালমনিরহাট জেলা প্রতিনিধিঃ
বিশাল গাড়ি বহর নিয়ে নির্বাচনী মাঠে নামলেন তুরস্ক প্রবাসী তরুণ উদ্যোক্তা ও সমাজসেবক শিহাব আহমেদ। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ঘুণ্টি বাজার থেকে বের হয়ে লালমনিরহাট-১ (হাতীবান্ধা-পাটগ্রাম) আসনের প্রচারনায় গণমানুষের দ্বারে দ্বারে গিয়ে নির্বাচনী মাঠে সাক্ষাৎ করেন তিনি। রোডশোটি বিভিন্ন এলাকা প্রদক্ষিণ শেষে বুড়িমারী স্থলবন্দরে গিয়ে শেষ হবে বলে জানিয়েছেন আয়োজকরা।
রোডশো শুরুর আগে ও চলাকালীন পথসভায় স্থানীয় জনসাধারণের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। শত শত গাড়ি ও উৎসাহী জনতার অংশগ্রহণে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। এতে তরুণ ভোটারদের মধ্যে ব্যাপক সাড়া দেখা গেছে।
‘মানবতার ফেরিওয়ালা’ খ্যাত শিহাব আহমেদ শুধু ব্যবসায়ী নন, দীর্ঘদিন ধরে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর মাধ্যমে এলাকায় ব্যাপক পরিচিতি লাভ করেছেন। অভাবী মানুষের চিকিৎসা, শিক্ষা, পুনর্বাসনসহ নানামুখী মানবসেবায় যুক্ত থেকে সাধারণ মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন তিনি। বিদেশে অর্জিত শিক্ষা ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে এলাকার উন্নয়নের স্বপ্ন দেখছেন এই তরুণ প্রার্থী।
১৯৯৫ সালে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বড়খাতা ইউনিয়নে জন্ম নেওয়া শিহাব আহমেদ বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজের ছেলে। শৈশবে মাত্র দুই বছর বয়সে মাকে হারিয়ে নানা প্রতিকূলতার মধ্যে বেড়ে ওঠেন তিনি। জীবনের সেই সংগ্রামী অধ্যায়ে সবজি বিক্রি, ট্রাকের হেলপার ও রিকশা চালিয়েও পড়াশোনা চালিয়ে যান। পরবর্তীতে ২০১৪ সালে বড়খাতা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ (গোল্ডেন) অর্জন করেন।
এরপর জীবিকার তাগিদে বিদেশে পাড়ি জমান এবং ব্যবসায় সফলতা অর্জন করেন। কিন্তু বিদেশের মাটিতেও শৈশব-কৈশোরের দুঃখ-কষ্টের স্মৃতি বয়ে বেড়ান তিনি। দেশে ফিরে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকারে নিজেকে নিয়োজিত করেন। কখনো চিকিৎসা খরচ, কখনো শিক্ষা সহায়তা, আবার কখনো কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে গরিব ও প্রান্তিক মানুষের ভরসার জায়গা হয়ে উঠেছেন।
রোডশো চলাকালে বক্তব্যে শিহাব আহমেদ বলেন, ‘আমি বেকার যুব সমাজকে নিয়ে কাজ করছি। এলাকার মানুষের ভাগ্য উন্নয়নের জন্যই রাজনীতিতে এসেছি। উন্নত বিশ্বের অভিজ্ঞতা কাজে লাগিয়ে হাতীবান্ধা-পাটগ্রামকে একটি আধুনিক ও উন্নত এলাকায় রূপ দিতে চাই।’
স্থানীয়দের মতে, সংগ্রাম থেকে উঠে আসা এই তরুণ প্রার্থী এখন তরুণ প্রজন্মের অনুপ্রেরণা। জনমানুষের স্বপ্ন ও প্রত্যাশার প্রতীক হয়ে উঠেছেন শিহাব আহমেদ।
দৈনিক সকালবেলা National Daily Newspaper
