অনলাইন ডেস্কঃ
সাবেক আমির মতিউর রহমান নিজামীর ছেলে জামায়াতে ইসলামীর এমপি ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেনের ইমামতিতে জুমার নামাজ আদায়কে কেন্দ্র করে বিএনপি ও জামায়াত সমর্থকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। শুক্রবার (২৪ জুলাই) জুমার জামাতের ঠিক আগমুহূর্তে পাবনার সাঁথিয়া পৌর এলাকায় এ ঘটনা ঘটে।
শুক্রবার (২৪ জুলাই) সাড়ে ১২টার দিকে সাঁথিয়ার এমপি ব্যারিস্টার নাজিবুর রহমান এমপি আফতাবনগর (ছেচানিয়া) বাজার জামে মসজিদে যান। নামাজ পড়ার উদ্দেশ্যে তিনি সেখানে যান এবং এলাকাবাসীর খোঁজখবর নেন। তিনি মুসল্লিদের সঙ্গে কুশলাদি বিনিময়ের পর মসজিদে কথাবার্তা বলেন এবং খুতবা দেন।
খুতবারত অবস্থায় মসজিদে বিএনপির একটি পক্ষ হট্টগোল শুরু করেন। তখন মসজিদের মধ্যে জামায়াত এবং বিএনপির মুসল্লিদের মধ্যে ধাক্কাধাক্কি এবং হাতাহাতির ঘটনা ঘটে। খবর পেয়ে সাঁথিয়া থানা পুলিশ ঘটনাস্থলে যান এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় উভয়পক্ষের ১৫ জন আহত হয়েছেন।
আহতরা হলেন- জামায়াত নেতা শিখন মোল্লা, সাদ্দাম ফকির, মেহেদী হাসান, শিমুল ফকির, রবিন হাসান, মফিজ উদ্দিন, কুতুবউদ্দিন, এনসিপি নেতা আবু দাউদ ফকির।
বিএনপির মধ্যে আহতরা হলেন- আব্দুল করিম, ছাত্রদল নেতা জীবন আহম্মেদ, ৬নং ওয়ার্ড পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক রাহাদ প্রমুখ।
সাঁথিয়া উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির অধ্যাপক আনিসুর রহমান জানান, স্থানীয় পৌর জামায়াতের সঙ্গে সমন্বয় করে মসজিদ কমিটির অনুমতি নিয়ে আজ আফতাবনগর বাজার জামে মসজিদে নামাজ পড়ানোর কথা ব্যারিস্টার নাজিবুর রহমান এমপির। মসজিদে উপস্থিত হয়ে তিনি উপস্থিত মুসুল্লিদের সঙ্গে কুশলাদি বিনিময়ের পর বক্তব্য দেন। বক্তব্য শেষে তিনি যখন খুতবা দিচ্ছিলেন তখন বিএনপির কিছু লোকজন মসজিদে পরিকল্পিতভাবে বিশৃঙ্খলার সৃষ্টি করেন।
সাঁথিয়া পৌর বিএনপির সভাপতি আব্দুল করিম জানান, আফতাবনগর বাজার জামে মসজিদে স্থানীয় এমপি ব্যারিস্টার নাজিবুর রহমানের নামাজ পড়ানোকে কেন্দ্র করে মুসল্লিদের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে।
সাঁথিয়া থানার ওসি আনিসুর রহমান জানান, পৌরসভাধীন আফতাবনগর বাজার জামে মসজিদে নামাজ পড়ানোকে কেন্দ্র করে মুসুল্লিদের মধ্যে বিশৃঙ্খলার সৃষ্টি হয়। পুলিশ গিয়ে পরিস্থিতির নিয়ন্ত্রণ করে।
দৈনিক সকালবেলা National Daily Newspaper
