Friday , 24 July 2026
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
সরকার জনগণের পালস বুঝতে ব্যর্থ: রেজাউল করীম
--মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। ছবি: সংগৃহীত

সরকার জনগণের পালস বুঝতে ব্যর্থ: রেজাউল করীম

অনলাইন ডেস্কঃ

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, জুলাই-পরবর্তী সময়ে জনগণ যাদের হাতে দেশের ক্ষমতা দিয়েছে, তারা দেশের স্বার্থকে অগ্রাধিকার দিচ্ছে না। জুলাই সনদ বাস্তবায়নে সরকারের অনীহা প্রমাণ করেছে, তারা দেশের জনগণের পালস বুঝতে ব্যর্থ হয়েছে।

তিনি বলেন, ভালো নেতা ও ভালো নীতি ছাড়া জাতির মুক্তি সম্ভব নয়। ভালো নেতা ও নীতির সমন্বয় না হলে দেশের উন্নয়ন, নিরাপত্তা ও সুশাসনের স্বপ্ন কোনোদিন বাস্তবায়ন হবে না। দেশে দুর্নীতি, চাঁদাবাজি ও মাদক দূর করতে ইসলামের শ্রেষ্ঠ আদর্শের কোনো বিকল্প নেই।

শুক্রবার (২৪ জুলাই) দুপুর ১২টায় রাজধানীর বায়তুল মোকাররমের উত্তর গেটে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

পীর সাহেব চরমোনাই বলেন, কালো বর্ণের মানুষের নাম ‘সাদা মিয়া’ রাখলে যেমন সে সাদা হয়ে যায় না, তেমনি ইসলামের নাম ব্যবহার করে অনৈতিকতা, উচ্ছৃঙ্খলতা ও ধোঁকাবাজি করলেই তা ইসলাম হয়ে যায় না। বরং ইসলামের নামে অনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করা হলে ইসলামেরই কলঙ্ক হয়।

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা অলিউল্লাহ তালুকদারের সভাপতিত্বে সমাবেশে ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইকবাল হোসেন ও দক্ষিণের সাধারণ সম্পাদক নেসার উদ্দিন হুজাইফ যৌথভাবে সঞ্চালনা করেন।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি, ঢাকা উত্তর যে সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদপ্রার্থী আতিকুর রহমান মুজাহিদ।

বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের সভাপতি মাওলানা হাম্মাদ বিন মোশাররফ, ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম।

বিশেষ অতিথির বক্তব্যে গাজী আতাউর রহমান বলেন, সরকার দলীয় হুইপ মিয়া নুর উদ্দিন আহমেদ অপু বলেছেন, এ দেশে চাঁদাবাজি নির্মূল করা যাবে না। এটা দুঃখজনক। তাহলে সরকারকে মানুষ ক্ষমতায় এনেছে দেশকে দুর্নীতিমুক্ত করার জন্য। যদি তাতেই তারা ব্যর্থ হয়, তাহলে সরকারের কাজটা কী?

তিনি বলেন, এই সরকার বলেছিল এক কোটি বেকারের কর্মসংস্থান সৃষ্টি করবে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন মিল-ফ্যাক্টরি বন্ধ করে দিয়ে কর্মসংস্থান সংকোচন করছে।

প্রিন্সিপাল সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী বলেন, একটি দল ইসলামের নাম দিয়ে যে কর্মকাণ্ড করছে তাতে ইসলামের মর্যাদা ক্ষুণ্ণ হচ্ছে। আমরা তাদেরকে আহ্বান জানাই, সঠিক ইসলামের চর্চা করুন। ইসলামের নামে মনগড়া মতবাদের চর্চা বন্ধ করুন।

আতিকুর রহমান মুজাহিদ বলেন, ইসলামী যুব আন্দোলনের নেতাকর্মীরা প্রকৃত দেশপ্রেমিক জনশক্তি। জুলাইতে যুব আন্দোলন জীবন দিয়ে ফ্যাসিবাদকে রুখে দাঁড়িয়েছিল।

বর্তমানে দেশের পরিবেশ রক্ষায় সারাদেশে বৃক্ষরোপণ ও মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি পালন করছে। এছাড়াও দেশের বেকার যুবকদেরকে বিভিন্ন কারিগরি ও প্রযুক্তি প্রশিক্ষণের মাধ্যমে যোগ্য জনশক্তি হিসেবে তৈরি করছে। আগামীর স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণের প্রধান সহযোগী হবে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ।

সমাবেশে আরও বক্তব্য রাখেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মাওলানা ইলিয়াস হাসান, সাংগঠনিক সম্পাদক প্রভাষক মাওলানা আল আমিন, প্রচার সম্পাদক মুফতি আবু বকর সিদ্দীক, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আরিফ বিন মেহের উদ্দিন, সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুফতি মোস্তাফিজুর রহমান, মহিলা ও পরিবার কল্যাণ সম্পাদক মুফতি হাফিজুল হক ফাইয়াজ, মাওলানা আল আমিন সোহাগ প্রমুখ।

About Syed Enamul Huq

Leave a Reply