প্রত্যাবাসনের তালিকায় নাম থাকা রোহিঙ্গাদের তথ্য যাচাই শেষ করে আজ বুধবার সকালে মিয়ানমার থেকে আসা প্রতিনিধিদল দেশে ফিরে গেছে। গতকাল মঙ্গলবার শেষ দিনে ১৫ পরিবারের ১৮ জন রোহিঙ্গার তথ্য যাচাই করেছে মিয়ানমার থেকে আসা প্রতিনিধিদল। এ নিয়ে টানা সাত দিনে ৪৮০ জন রোহিঙ্গার তথ্য যাচাই সম্পন্ন হয়েছে।
তালিকায় অন্তর্ভুক্ত রোহিঙ্গাদের তথ্য যাচাই শেষ হওয়ায় আজ বুধবার সকাল ১০টায় ১৭ সদস্যের প্রতিনিধিদলটি মিয়ানমার ফিরে গেছে। এর আগে গত বুধবার ১৫ মার্চ মিয়ানমারের প্রতিনিধিদলটি নাফ নদ হয়ে স্পিডবোটে টেকনাফ পৌঁছে।
শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) সূত্রে জানা যায়, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে মিয়ানমারকে আট লাখ ৬২ হাজার রোহিঙ্গার একটি তালিকা দেওয়া হয়েছিল। মিয়ানমার ওই তালিকায় ৭০ হাজার রোহিঙ্গাকে গ্রহণ করতে প্রাথমিক বাছাই করে। এর মধ্যে প্রথম দফায় এক হাজার ১৪০ জন রোহিঙ্গাকে ফেরত নেওয়ার পাইলট প্রগ্রাম হাতে নেয়। ওই তালিকার রোহিঙ্গাদের তথ্য যাচাইয়ে প্রতিনিধিদল বাংলাদেশ আসে।
সূত্র: কালের কন্ঠ অনলাইন
দৈনিক সকালবেলা National Daily Newspaper
