বগুড়া জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি চৌকস দল বিশেষ অভিযান চালিয়ে হত্যা ও অন্যান্য গুরুতর অভিযোগে অভিযুক্ত পৌর কাউন্সিলর আব্দুল মতিন সরকারকে ঢাকার মোহাম্মদপুর থানার বসিলা এলাকা থেকে গ্রেফতার করেছে। জেলা গোয়েন্দা শাখা বগুড়ার অফিসার ইনচার্জ মো. ইকবাল বাহারের নেতৃত্বে গত ২১ জুন ২০২৫ খ্রিঃ দিবাগত রাত আনুমানিক ১১টা ৩০ মিনিটে এই অভিযান পরিচালিত হয়। গ্রেফতারকৃত মতিন সরকার বগুড়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর এবং শহর যুবলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক।
জেলা পুলিশের একটি বিশ্বস্ত সূত্রে জানা গেছে, তার বিরুদ্ধে একাধিক হত্যা, চাঁদাবাজি, জমি দখল, সন্ত্রাসী কর্মকাণ্ডসহ গুরুতর অভিযোগ রয়েছে। এসব অভিযোগের ভিত্তিতে চলমান তদন্তের অংশ হিসেবেই তাকে গ্রেফতার করা হয়েছে। তবে তাকে গ্রেফতারের পর এখন পর্যন্ত কোন মামলায় রিমান্ড চাওয়া হয়েছে কি না বা আদালতে তোলা হয়েছে কি না, সে বিষয়ে পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। স্থানীয়দের মতে, মতিন সরকার দীর্ঘদিন ধরে এলাকায় রাজনৈতিক প্রভাব খাটিয়ে বিভিন্ন অপকর্মে যুক্ত ছিলেন। তার গ্রেফতারের খবরে এলাকাবাসীর মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
কেউ কেউ সন্তোষ প্রকাশ করলেও অনেকেই শঙ্কা প্রকাশ করেছেন যে, প্রভাব খাটিয়ে তিনি হয়তো পুনরায় ছাড়া পেয়ে যাবেন। এদিকে পুলিশ জানিয়েছে, মতিন সরকারের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে। তাকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করলে আরও অনেক চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসতে পারে বলে ধারণা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
দৈনিক সকালবেলা National Daily Newspaper
