পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈ সিং এমপি বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী সরকারের উন্নয়নমূলক সকল কাজের বিষয়ে অবগত আছেন। কোথায় কী হচ্ছে সব কিছুর খবর তিনি রাখেন। তাই সরকারের উন্নয়ন কাজে কোনো প্রকার ওজর আপত্তি চলবে না বলে জানালেন মন্ত্রী বীর বাহাদুর।
আজ ঢাকায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে এডিপি বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বীর বাহাদুর উশৈ সিং এমপি সংশ্লিষ্টদের প্রতি এ নির্দেশ দেন।
মন্ত্রী বীর বাহাদুর আরো বলেন, পার্বত্য অঞ্চলে মিশ্র ফল চাষ, কফি, কাজুবাদাম, তুলা, ইক্ষু ও মসলা চাষ কৃষকদের ভাগ্য পরিবর্তন করে দেবে। পার্বত্য তিন জেলায় মিশ্র ফল চাষ, কাজু বাদাম, কফি, ইক্ষু ও মসলা চাষে কৃষকদের প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদানের জন্য সংশ্লিষ্টদের প্রতি নির্দেশ দেন মন্ত্রী। তিনি পরিবেশের ভারসাম্য ঠিক রেখে পরিকল্পিত উপায়ে বাগান সৃজন করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন।
এ সময় অন্যদের মধ্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সত্যেন্দ্র কুমার সরকার, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ নূরুল আলম চৌধুরী, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব প্রদীপ কুমার মহোত্তম (এনডিসি), পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সদস্য প্রশাসন ইফতেখার আহমেদ, সদস্য, বাস্তবায়ন মোহাম্মদ হারুন-অর-রশীদ, সদস্য, প্রশাসক ও প্রকল্প পরিচালক ইফতেখার আহমেদ, মো. জসিম উদ্দিন, সদস্য, পরিকল্পনা ও প্রকল্প পরিচালক কফি ও কাজু বাদাম চাষ এবং ইউএনডিপির এসআইডি-সিএইচটির জাতীয় প্রকল্প পরিচালক সুপ্রদীপ চাকমা উপস্থিত ছিলেন।
সূত্র: কালের কন্ঠ অনলাইন
দৈনিক সকালবেলা National Daily Newspaper
