প্রতি বছরই এপ্রিল থেকে মে মাসে ঘূর্ণিঝড় তৈরি হয় বঙ্গোপসাগরে। গরম প্রচণ্ড বাড়লে, তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হলে ঘূর্ণিঝড় তৈরি হয় সাগরের বুকে। এবছর প্রচণ্ড গরমের মধ্যেই ঘূর্ণিঝড় তৈরি হতে চলেছে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে। এর নাম ‘মোখা’।
কানাডার সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ক পিএইচডি গবেষক মোস্তফা কামাল পলাশ দুইটি আবহাওয়া পূর্বাভাস মডেল বিশ্লেষণ করে ফেসবুকে এক স্ট্যাটাসে জানিয়েছেন, খুবই শক্তিশালী হবে ঘূর্ণিঝড় মোখা। এটি বাংলাদেশ উপকূলে আঘাতের সম্ভাবনা রয়েছে।
তিনি লিখেন, ‘দুইটি মডেলই নির্দেশ করতেছে খুবই শক্তিশালী ঘূর্ণিঝড় হিসেবে ঘূর্ণিঝড় মোখা বাংলাদেশ উপকূলে আঘাতের সম্ভাবনার কথা।’ তবে ঠিক কত শক্তিশালী হবে তা তিনি প্রকাশ করতে চান না।
এদিকে, ভারতীয় গণমাধ্যম বলছে, বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরি হয়নি এখনও। সাগরে এখনও ঘূর্ণাবর্ত রয়েছে। সোমবার তা নিম্নচাপে পরিণত হতে পারে। আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জে এর প্রভাবে তুমুল বৃষ্টি হবে। সেখানকার মানুষকে সতর্ক করা হয়েছে।
দৈনিক সকালবেলা National Daily Newspaper
