Thursday , 16 July 2026
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
পরীক্ষা পেছানোর দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ তিন দফা দাবি
পরীক্ষা-পেছানোর-দাবিতে-রাজশাহীতে-শিক্ষার্থীদের-বিক্ষোভ-তিন-দফা-দাবি.jpg

পরীক্ষা পেছানোর দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ তিন দফা দাবি

 

রাজশাহী ব্যুরো
দেশজুড়ে করোনার সংক্রমণ আবারও আশঙ্কাজনক হারে বেড়ে যাওয়ায় আসন্ন এইচএসসি পরীক্ষা পেছানোর দাবিতে রাজশাহীতে বিক্ষোভ করেছে এইচএসসি—২৫ ব্যাচের শিক্ষার্থীরা। গতকাল মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে রাজশাহী শিক্ষা বোর্ডের প্রধান ফটকের সামনে সড়ক অবরোধ করে এই আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। আন্দোলন চলাকালে তারা পরীক্ষার সময় কমপক্ষে দুই মাস পেছানোর দাবি জানায় এবং মোট তিন দফা দাবি উপস্থাপন করে। শিক্ষার্থীরা দাবি করে, বর্তমান করোনার প্রাদুর্ভাবে দেশের বিভিন্ন অঞ্চলে সংক্রমণ বাড়ছে। এই অবস্থায় স্বাস্থ্যঝুঁকি নিয়ে পরীক্ষায় অংশ নেওয়া মানে শিক্ষার্থীদের জন্য আরও বড় বিপদের সৃষ্টি হবে। শিক্ষার্থীরা বলে, “সংক্রমণ পরিস্থিতি এখনই নিয়ন্ত্রণে আসবে না। এমন পরিস্থিতিতে পরীক্ষা নেওয়া অবিবেচনাপ্রসূত সিদ্ধান্ত হবে।” তারা আরও দাবি করে, গত বছরের রাজনৈতিক অস্থিরতার সময় বিশেষ করে “২৪—এর সরকার পতনের আন্দোলনে” অংশগ্রহণের কারণে দীর্ঘ সময় ধরে শিক্ষা কার্যক্রম ব্যাহত হয়েছে। ফলে, শিক্ষার্থীরা পর্যাপ্ত প্রস্তুতি নিতে পারেনি। এজন্য তারা এমসিকিউ ভিত্তিক প্রশ্নে পরীক্ষা নেওয়ার আহ্বান জানায়।

এছাড়া তারা শিক্ষা মন্ত্রণালয় ঘোষিত ৩১ দফা নীতিমালা বাতিলের দাবিও তোলে। তাদের দাবি, এ নীতিমালাগুলো এইচএসসি—২৫ ব্যাচের প্রতি অবিচার করেছে। বিক্ষোভ চলাকালে একপর্যায়ে শিক্ষার্থীরা বোর্ডের ফটক ভেঙে ভেতরে প্রবেশ করে এবং ফটক বন্ধ করে দেয়। নামাজের সময় মুসল্লি ও পুলিশ একযোগে শিক্ষার্থীদের ফটকের বাইরে বের করে দেয়। তবে পরে শিক্ষার্থীরা আবার ভেতরে প্রবেশ করে এবং আন্দোলন অব্যাহত রাখে। এই পরিস্থিতিতে রাজশাহী শিক্ষাবোর্ডের চেয়ারম্যান আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসার প্রস্তাব দেন। পরে শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল বোর্ড চেয়ারম্যানের সঙ্গে দীর্ঘ সময় বৈঠক করে। বৈঠক শেষে প্রতিনিধি দল জানায়, আগামী ১৯ জুনের মধ্যে আন্তঃশিক্ষাবোর্ড পরীক্ষার তারিখ পেছানোসহ অন্যান্য দাবিগুলো নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত জানানো হবে।
প্রতিনিধি দলের ভাষ্যমতে, শুধুমাত্র রাজশাহীতে নয়—সারা দেশেই শিক্ষার্থীরা একই দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে। বিষয়টি শিক্ষা মন্ত্রণালয় ও প্রধান উপদেষ্টার কাছেও উপস্থাপন করা হবে। এদিকে আন্দোলনের পরিপ্রেক্ষিতে রাজশাহী শিক্ষাবোর্ড এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে বোর্ড প্রশাসন। তারা আরও জানিয়েছে, এই মুহূর্তে পরীক্ষা পেছানো নিয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত তারা দিতে পারছে না। তবে আন্তঃবোর্ড বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত না এলে পূর্বঘোষণা অনুযায়ী আগামী ২৬ জুন থেকে সারা দেশে একযোগে এইচএসসি পরীক্ষা শুরু হবে।

About Syed Enamul Huq

Leave a Reply