কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লার দেবিদ্বার উপজেলার বহুল আলোচিত ছাব্বির হত্যা মামলায় আদালতে হাজিরা দিতে এসে গ্রেপ্তার হয়েছেন দেবিদ্বার পৌরসভার সাবেক মেয়র সাইফুল ইসলাম শামিম (৪৫)। গতকাল মঙ্গলবার দুপুরে কুমিল্লার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজিরা দিতে গেলে আদালতের বিচারক ইয়াছির আরাফাত তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। জানা গেছে, তিনি হাইকোর্ট থেকে পূর্বে ৮ সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছিলেন। জামিনের মেয়াদ শেষে হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী নিম্ন আদালতে হাজিরা দিতে গিয়েছিলেন তিনি। কিন্তু বিচারক তার জামিন না মঞ্জুর করে তাকে জেল হাজতে পাঠানোর আদেশ দেন। সাইফুল ইসলাম শামিম কুমিল্লার দেবিদ্বার পৌর এলাকার দেবিদ্বার গ্রামের বাসিন্দা এবং মৃত নুরুল ইসলামের ছেলে।
তিনি দেবিদ্বার পৌরসভার মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন এবং স্থানীয়ভাবে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন বলে জানা গেছে। হত্যাকাণ্ড প্রসঙ্গে জানা যায়, ২০২৪ সালের শেষ প্রান্তে দেবিদ্বারে সংঘটিত এক রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেওয়ার সময় ছাব্বির হোসেন নামে এক তরুণ গুলিবিদ্ধ হয়ে নিহত হন। সে সময় এটিকে বিরোধী রাজনৈতিক দলের নেতা—কর্মীদের ওপর সরকারি বাহিনীর নিপীড়নের অংশ হিসেবে বর্ণনা করা হয়। ছাব্বির হত্যাকাণ্ডটি স্থানীয় ও জাতীয় গণমাধ্যমে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। নিহত ছাব্বিরের পরিবারের অভিযোগ, একটি শান্তিপূর্ণ ছাত্রসমাবেশে ফোর্স প্রয়োগ করে পুলিশ এবং আওয়ামী লীগ সমর্থিত কিছু প্রভাবশালী ব্যক্তি হামলা চালায়। এতে ছাব্বির গুলিবিদ্ধ হন এবং পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
এ ঘটনায় দেবিদ্বার থানায় ছাব্বিরের বাবা বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন, যাতে সাবেক মেয়র সাইফুল ইসলাম শামিমসহ বেশ কয়েকজনকে এজাহারভুক্ত আসামি করা হয়। হত্যাকাণ্ডের পর থেকেই মেয়র শামিম আত্মগোপনে চলে যান। পরে তিনি হাইকোর্ট থেকে জামিনে মুক্ত হয়ে আদালতে হাজিরা দেন। তবে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তার জামিন আবেদন প্রমাণ ও মামলার গুরুত্বের ভিত্তিতে খারিজ করে দেন। আদালতপাড়া সূত্রে জানা যায়, মামলাটি বর্তমানে তদন্ত সংস্থা ও আদালতের ঘনিষ্ঠ নজরদারিতে রয়েছে এবং এটি রাজনৈতিকভাবে স্পর্শকাতর হিসেবে বিবেচিত।
এদিকে মেয়র শামিমের আইনজীবীরা বলেন, “আমরা উচ্চ আদালতে আবারো জামিনের আবেদন করব। আমাদের বিশ্বাস, যথাযথ শুনানির মাধ্যমে তিনি ন্যায়বিচার পাবেন।” অন্যদিকে ছাব্বিরের পরিবার ও স্থানীয় মানবাধিকার সংগঠনগুলো সাবেক মেয়রের গ্রেপ্তারকে বিচারের পথে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখছেন এবং দ্রুত চার্জশিট দিয়ে মামলার বিচার শুরুর দাবিও জানিয়েছেন।
দৈনিক সকালবেলা National Daily Newspaper
