Thursday , 16 July 2026
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
বান্ধবীকে হল নিয়ে রাত্রিযাপন, রাবি ছাত্রের বিরুদ্ধে ব্যবস্থা

বান্ধবীকে হল নিয়ে রাত্রিযাপন, রাবি ছাত্রের বিরুদ্ধে ব্যবস্থা

রাজশাহী ব্যুরো:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ হবিবুর রহমান হলে ছদ্মবেশে বান্ধবীকে প্রবেশ করিয়ে রাত্রিযাপন করেছেন এক ছাত্র। বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্স অ্যান্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগের ২০২২–২৩ সেশনের শিক্ষার্থী মো. নাজমুল ইসলাম গত ৪ জুন ১৫৩ নম্বর কক্ষে বান্ধবীকে রাখেন।

বিষয়টি প্রকাশ্যে আসার পর বিশ্ববিদ্যালয় প্রশাসনের নজরে আসে এবং তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। জানা গেছে, বান্ধবীকে ছেলেদের শার্ট ও ক্যাপ পরিয়ে হলের ভেতরে নিয়ে আসেন নাজমুল। ভোরবেলা হল থেকে বেরিয়ে যাওয়ার সময় বিষয়টি প্রত্যক্ষ করেন কয়েকজন শিক্ষার্থী।

তাঁদের ভাষ্য অনুযায়ী, “সাইকেলে করে দ্রুতগতিতে একজন ছাত্রীকে নিয়ে বেরিয়ে যান নাজমুল। মেয়েটির ছদ্মবেশ দেখে আমাদের সন্দেহ হয়, আমরা পিছু নিই, কিন্তু ধরতে পারিনি। এমনকি দারোয়ানও থামাতে ব্যর্থ হন।”

এ বিষয়ে নাজমুল বলেন, “গত ৩ জুন আমার জন্মদিন ছিল। কেক কাটার পর রাত হয়ে যায়। সে সময় ওই মেয়েটিকে তার মেস থেকে বেরিয়ে যেতে বলা হয়। সে আর কোথাও থাকতে পারছিল না বলে অনুরোধ করায় আমি তাকে হলে নিয়ে আসি। সকালবেলায় সে চলে যায়।”

তবে বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থীরা ঘটনাটিকে গর্হিত অপরাধ বলে উল্লেখ করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। তাঁদের প্রশ্ন, “হলে এত কড়া নিরাপত্তা সত্ত্বেও এমন ঘটনা কীভাবে ঘটল? দায়িত্বপ্রাপ্তদের ব্যর্থতাও দায় এড়াতে পারে না।”

শহীদ হবিবুর রহমান হলের প্রভোস্ট ড. মো. মাতাহার হোসেন বলেন, “ঘটনাটি সত্য। হল প্রশাসন ছাত্রটির সিট বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটিও এ বিষয়ে চূড়ান্ত ব্যবস্থা নেবে।”

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মোহাম্মদ মাঈন উদ্দিন বলেন, “এটি অত্যন্ত গর্হিত ও শাস্তিযোগ্য অপরাধ। তদন্তে এর সত্যতা মিললে ছাত্রটির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা ব্যবস্থার বিষয়ে শিক্ষার্থীরা প্রশ্ন তুলেছেন। প্রশাসন জানিয়েছে, এ ঘটনার পূর্ণ তদন্ত করে দৃষ্টান্তমূলক পদক্ষেপ নেওয়া হবে, যাতে ভবিষ্যতে কেউ এমন দুঃসাহস দেখাতে না পারে।

About Syed Enamul Huq

Leave a Reply