সাতক্ষীরা প্রতিনিধিঃ
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) আন্তর্জাতিক আইন মেনে সাতক্ষীরার কুশখালী ও কৈখালী সীমান্ত দিয়ে ১৮ বাংলাদেশি নাগরিককে বিজিবির কাছে হস্তান্তর করেছে। শনিবার (২১ জুন) বিকেল ও সন্ধ্যায় পতাকা বৈঠকের মাধ্যমে প্রথমে কুশখালী সীমান্ত দিয়ে ১৪ জন এবং পরে কৈখালী সীমান্ত দিয়ে আরও ৪ জনকে হস্তান্তর করা হয়। রাতে সংশ্লিষ্টদের সাতক্ষীরা সদর থানা ও শ্যামনগর থানায় সোপর্দ করে বিজিবি। রবিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের প্রেস উইং কর্মকর্তা মিলন হোসেন। তিনি জানান, হস্তান্তরকৃত ১৪ জনের বাড়ি দেশের বিভিন্ন জেলায়—যেমন ঢাকা, সাতক্ষীরা, খুলনা, গাজীপুর ও গোপালগঞ্জ।
তাঁরা সকলেই বাংলাদেশের নাগরিক হওয়ায় আন্তর্জাতিক প্রক্রিয়া মেনে বিএসএফ তাঁদের বিজিবির কাছে হস্তান্তর করে। সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামিনুল হক বলেন, “শনিবার রাত ৯টার দিকে হস্তান্তর হওয়া ব্যক্তিদের থানায় আনা হয়। তাঁদের পরিবারের সঙ্গে যোগাযোগ করে যাচাই—বাছাই শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।” অন্যদিকে, কৈখালী সীমান্ত দিয়ে যাদের হস্তান্তর করা হয়েছে, তারা হলেন—সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার গদাইপুর গ্রামের বাসিন্দা মো. নুর আলম (৩৬), তার স্ত্রী আয়েশা খাতুন (২৬) এবং তাদের দুই শিশু কন্যা লাবিবা খাতুন (৬) ও লামিয়া খাতুন (১৬ মাস)। জিজ্ঞাসাবাদে নুর আলম জানান, আড়াই বছর আগে পাসপোর্ট ও বৈধ ভিসায় ভারতের কেরালায় চিকিৎসার জন্য যান তারা।
দীর্ঘমেয়াদি চিকিৎসার কারণে তাদের ভিসার মেয়াদ শেষ হয়ে যায় এবং তারা সেখানে অবৈধ অভিবাসী হিসেবে অবস্থান করতে থাকেন। দেশে ফেরার সিদ্ধান্ত নেওয়ার পর সীমান্ত এলাকায় অবৈধভাবে প্রবেশের চেষ্টা করলে বিএসএফ তাদের আটক করে। শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির মোল্যা বলেন, “হস্তান্তরকৃত পরিবারের নাগরিকত্ব যাচাই—বাছাই শেষে নিরাপদে স্বজনদের জিম্মায় দেওয়া হয়েছে।” এই ঘটনাকে ঘিরে স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তবে আইনশৃঙ্খলা বাহিনীর সুষ্ঠু সমন্বয়ের মাধ্যমে প্রবাস থেকে আটক হওয়া নাগরিকদের ফিরিয়ে আনার এ কার্যক্রমকে সাধুবাদ জানিয়েছেন অনেকে।
দৈনিক সকালবেলা National Daily Newspaper
