কুষ্টিয়া প্রতিনিধিঃ
কুষ্টিয়ার দৌলতপুরে সংবাদ প্রকাশের জের ধরে স্থানীয় সাংবাদিক মিজানুর রহমান রিপনের (৪৮) উপর প্রকাশ্যে হামলা ও মারপিটের ঘটনা ঘটেছে। হামলার পরও অভিযুক্ত খালিদ হাসান আর্জু প্রকাশ্যে দাপটের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে—যা নিয়ে উদ্বেগে রয়েছেন স্থানীয় গণমাধ্যমকর্মীরা। গত রোববার সন্ধ্যায় দৌলতপুর উপজেলা পরিষদ বাজারে এই হামলার ঘটনা ঘটে। আহত মিজানুর রহমান রিপন ঢাকায় প্রকাশিত ‘দৈনিক আমার সংবাদ’ পত্রিকার দৌলতপুর উপজেলা প্রতিনিধি ও অনলাইন নিউজ পোর্টাল ‘ডেইলি নিউজ বাংলা’র ভারপ্রাপ্ত সম্পাদক। পাশাপাশি তিনি ফিলিপনগর পিএসএস মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবেও কর্মরত।
হামলার শিকার রিপন ফিলিপনগর ইউনিয়নের ইসলামপুর গ্রামের বাসিন্দা এবং আজাহার আলীর ছেলে। তিনি দৌলতপুর থানা ও সেনা ক্যাম্পে লিখিত অভিযোগ করেছেন। এজাহার সূত্রে জানা যায়, গত ৮ জুন দৌলতপুরের তারাগুনিয়া থানার মোড় এলাকায় অবস্থিত ‘তারাগুনিয়া ক্লিনিক’—এ সিজার অপারেশনের সময় প্রসূতি আখি খাতুন (২২) এর মৃত্যু হয়।
এ খবর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়। এই সংবাদ প্রকাশের জের ধরে অনুমোদনহীন ‘বেবি নার্সিং হোম’—এর মালিক আহসানুল হক কালুর ছেলে খালিদ হাসান আর্জু সাংবাদিক রিপনের উপর অতর্কিতে হামলা চালায়। ভুক্তভোগী সাংবাদিক জানান, “রোববার সন্ধ্যায় বাজার করতে গেলে আর্জু আমার উপর চড়াও হয়। সে বলে—‘আমার হাসপাতালে যে ডাক্তার আসে, তার নামে তোরা নিউজ করছিস।’ এরপর সে আমাকে ঘুষি ও লাথি মেরে রক্তাক্ত করে ফেলে।”
আহত অবস্থায় তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নেন এবং পরে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। দৌলতপুর প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক আব্দুর রাজ্জাক বলেন, “সাংবাদিকের উপর এ ধরনের বর্বরোচিত হামলা কখনোই গ্রহণযোগ্য নয়। আমরা দ্রুত তদন্ত ও বিচার চাই।” এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হুদা বলেন, “আমরা লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।” উল্লেখ্য, অভিযুক্ত খালিদ হাসান আর্জুর বিরুদ্ধে চাঁদাবাজি, মাদক ব্যবসা ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের একাধিক অভিযোগ রয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
দৈনিক সকালবেলা National Daily Newspaper
