গাজীপুর প্রতিনিধি:
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) সাবেক উপাচার্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের প্রফেসর আর, আই, এম. আমিনুর রশীদ আজ ০৮ আগস্ট ২০২৫, শুক্রবার ভোর ৫:৩০ মিনিটে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর।
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম মরহুমের ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এক শোকবার্তায় তিনি বলেন- “প্রফেসর আর, আই. এম. আমিনুর রশীদ ছিলেন, একজন নিবেদিতপ্রাণ শিক্ষাবিদ ও প্রাজ্ঞ প্রশাসক। তিনি তাঁর কর্মজীবনে একজন খ্যাতিমান শিক্ষাবিদ ও দক্ষ প্রশাসক হিসেবে দেশের উচ্চশিক্ষা বিস্তারে অসামান্য অবদান রেখে গেছেন। তাঁর এই অবদান বাউবিতে স্মরণীয় হয়ে থাকবে।”
তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম মরহুমের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে কফিনে পুষ্পস্তবক অর্পণ করেন। এর আগে জুমা বাদ তিনি ধানমন্ডির ১২/এ রোডস্থ ‘মসজিদে তাকওয়া-তে অনুষ্ঠিত জানাজায় শরিক হন। বাউবির রেজিস্ট্রার ড. মহাঃ শফিকুল আলম, সমাজবিজ্ঞান, মানবিক ও ভাষা স্কুলের ডীন অধ্যাপক তানভীর আহসানসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত এ সময়ে ছিলেন।
জানাজা ও শ্রদ্ধা নিবেদন শেষে মরহুম প্রফেসর আর.আই.এম. আমিনুর রশীদকে বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি দুই পুত্র, আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বাউবির সর্বস্তরের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা তাঁর মৃত্যুতে গভীরভাবে শোকাহত। মরহুমের প্রতি সম্মান প্রদর্শন করে শোক পালনের নিমিত্তে নির্বাহী ক্ষমতাবলে বাউবি কর্তৃপক্ষ আজ এক দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে।
দৈনিক সকালবেলা National Daily Newspaper
