জাতিসংঘে প্রধান উপদেষ্টার সফরসঙ্গীর সংখ্যা এত বেশি কেন সেই প্রশ্ন তুলেছেন লেখক ও গবেষক ড. নাদিম মাহমুদ। তিনি বলেন, ‘যখন যে সরকার থাকে, তখন তাদের কেন বিশাল বহর নিয়ে রাষ্ট্রীয় সফরে যেতে হয়, কেউ কি বলতে পারেন? শেখ হাসিনা থেকে ড. ইউনূস সবার দল এত বড় থাকে কেন? তাদের কাজ কী?’ আজ বৃহস্পতিবার সকালে নিজের ফেসবুক প্রোফাইলে দেওয়া স্ট্যাটাসে তিনি এই প্রশ্ন তোলেন।
নাদিম মাহমুদ লিখেছেন, গত বছর প্রধান উপদেষ্টা যখন জাতিসংঘের সাধারণ অধিবেশনে আসেন, তখন তার সফর উপলক্ষে চারিদিকে হৈচৈ শুরু হয়। জাতিসংঘে অধিবেশনে মাত্র সাতজন সফরসঙ্গী নিয়ে যাচ্ছে প্রধান উপদেষ্টা।
আলোকচিত্রী শহিদুল আলম সফরসঙ্গী হওয়ার প্রসঙ্গে নাদিম মাহমুদ বলেন, ‘আলোকচিত্রী শহীদুল আলম গত বছর জাতিসংঘের সফরসঙ্গী ছিলেন, এবারও তালিকায় তার নাম দেখলাম। তিনি কি রাষ্ট্রের কোনো কাজে জড়িত? তিনি এখন পর্যন্ত সরকারের কোন কাজটি জনগণের জন্য করে দিয়েছেন? জাতিসংঘে গিয়ে তার ভূমিকাটি কী? এই প্রশ্ন কেউ তুলবে না। কারণ, আমরা জাতিগতভাবে বড্ড বায়াসড। রাষ্ট্রের জবাবদিহিতার জায়গায় কেউ স্বচ্ছ নয়। কারণ, জনগণের কাছে কৈফিয়ত দেওয়ার সংস্কৃতি তৈরি হয়নি। গণ-অভ্যুত্থানে রক্তের ওপর দাঁড়িয়ে থাকা সরকার যখন নিজের কাছে প্রশ্ন করা সময় পান না, তখন আমাদেরকে প্রশ্ন করতে হয়। বলতে হয়, স্যার আগের সরকার তার পরিবারের সদস্যেদের সঙ্গী করত তা নিয়ে অনেকেই প্রশ্ন করত, আজ সেই মানুষগুলোই আপনার সঙ্গী বলে হয়ত, কেউ প্রশ্ন করে না, আপনার পরিবারের সদস্য ‘জাতিসংঘের’ সফরে গিয়ে কী করবেন? আমাদের এখন বলতে হয়, স্যার রাষ্ট্রীয় সফরে আর একটু আন্তরিক হলে ভালো হতো না?’
তিনি আরো লিখেছেন, ‘এই সরকারের এক উপদেষ্টা খুবই প্রশংসনীয় একটি কাজ করেছে। আগের সরকারের অনেক প্রকল্পের ‘অতিরিক্ত’ খরচগুলো তিনি ছাঁট করে দেশের উপকার করেছেন। কিন্তু আপনারা এই দলবল সাজিয়ে, আমেরিকায় গিয়ে সেই পুরাতন ব্যবস্থাকেই চর্চা করে গেলেন, যা বড়ই লজ্জার। নিজেরা যদি নিজেদের ভেতর পরিবর্তন না আনেন, তাহলে অন্যরা কীভাবে আনবে? জনগণ কেন আপনাদের এই বিশাল সফরসঙ্গীর অর্থ দেবে? নিজের পকেটের টাকায় মায়া থাকে, আর রাষ্ট্রের কোষাগারের অর্থের টাকায় কোনো মায়া থাকতে নেই বুঝি?’
শেষে তিনি লিখেছেন, ‘জানি আপনারা আমাদের সমালোচনার ধার ধারে না। লন্ডনে গিয়ে কয়েক কোটি টাকা হোটেল খরচ দিয়ে আসলেন, সমালোচনা হলো, কিন্তু আপনাদের বিবেকটি জাগ্রত হলো না। এটাই বাংলাদেশের দুঃখ। এখানে সবচেয়ে ভালো মানুষটিও নিজের বিবেকের কাছে বন্দি থাকে না। কী আর করা, এটাই হয়ত বাংলাদেশের মানুষের নিয়তি।’
দৈনিক সকালবেলা National Daily Newspaper
