Friday , 26 June 2026
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
নির্বাচন শান্তিপূর্ণ করতে ভোটকেন্দ্রের নিরাপত্তায় তিন স্তরের ব্যবস্থা
--সংগৃহীত ছবি

নির্বাচন শান্তিপূর্ণ করতে ভোটকেন্দ্রের নিরাপত্তায় তিন স্তরের ব্যবস্থা

অনলাইন ডেস্ক:

নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ বলেছেন, ‘জাতীয় নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে ভোটকেন্দ্রে নিরাপত্তার জন্য তিন স্তরের বিশেষ ব্যবস্থা নেওয়া হবে।’

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর এ তথ্য জানান তিনি।

ইসি সচিব বলেন, ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে কেন্দ্রভিত্তিক নিরাপত্তা, চেকপোস্ট এবং সেন্ট্রাল রিজার্ভ—এই তিন ভাগে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের দায়িত্ব ভাগ করে দেওয়া হবে। প্রথম দিন থেকেই আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীকে আচরণবিধি কঠোরভাবে প্রতিপালনের নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি বলেন, সুষ্ঠু-সুন্দর ভোট অনুষ্ঠানে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সর্বোচ্চ সহযোগিতা চেয়েছে নির্বাচন কমিশন। এর ব্যত্যয় ঘটলে কাউকে ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। তিনি বলেন, ‘যেকোনো চ্যালেঞ্জ মোকাবেলায় আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী পুরোপুরি প্রস্তুত রয়েছে।’

আখতার আহমেদ বলেন, ‘অপতথ্য প্রতিরোধ এবং ডিজিটাল পরিবেশ সুরক্ষায় সাইবার সিকিউরিটি সেল গঠন করা হবে।

তিনি বলেন, রাজনৈতিক দলের কোনো নেতা কিংবা প্রার্থীর কাছ থেকে কোনো ধরনের সুবিধা নেওয়া যাবে না- আইনশৃঙ্খলা বাহিনীকে এ নির্দেশনা স্পষ্টভাবে জানানো হয়েছে।

এ সময় ইসি সচিব বলেন, ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা বাড়ানো হয়েছে।

প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে বৈঠকে নির্বাচন কমিশনার, ইসি সচিবসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আমন্ত্রিত অতিথিদের মধ্যে ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, ডিএমপি কমিশনার, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী, সশস্ত্র বাহিনী বিভাগ, বর্ডার গার্ড বাংলাদেশ, কোস্টগার্ড, আনসার ও ভিডিপি, ডিজিএফআই, এনএসআই, র‍্যাব এবং স্পেশাল ব্রাঞ্চের প্রতিনিধি ও মহাপরিচালক। তিন ঘণ্টাব্যাপী এই গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়।

About Syed Enamul Huq

Leave a Reply