বঙ্গোপসাগরে ইঞ্জিনচালিত নৌকা বিকল হয়ে ১২ ঘণ্টা ধরে সাগরে ভাসছিল চারজন জেলে। অবশেষে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল করলে কোস্ট গার্ড তাদের উদ্ধার করে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বঙ্গোপসাগর থেকে ইদ্রিস নামে একজন জেলের ফোনে তাদের উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেন জাতীয় জরুরি সেবা ৯৯৯ গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার।
জেলে ইদ্রিস জানান, তারা চারজন জেলে ২১ জানুয়ারি (বুধবার) ছোট একটি ইঞ্জিনচালিত নৌকাযোগে সেন্ট মার্টিন থেকে রওনা দেন মাছ ধরার উদ্দেশ্যে। ছেড়াদ্বীপ পার হয়ে কিছুদূর যাওয়ার পর তাদের নৌকার ইঞ্জিন বিকল হয়ে যায়। বিকল নৌকায় সাগরে ভাসছিলেন গত ১২ ঘণ্টা। এরমধ্যে কয়েকটি ট্রলারের দেখা পেয়ে সাহায্যের জন্য চিৎকার করলেও কেউ এগিয়ে আসেনি।
স্রোতে আর ঢেউয়ে ভেসে-ভেসে তারা এখন কোথায় আছেন ঠিক জানেন না। ঘন কুয়াশায় ভালোভাবে কিছু দেখাও যাচ্ছে না তবে অনুমান করছেন ছেড়াদ্বীপ বা সেন্ট মার্টিনের আশপাশে কোথাও আছেন। ৯৯৯ থেকে বিষয়টি তাৎক্ষণিকভাবে দ্রুত উদ্ধারের জন্য কোস্ট গার্ড কন্ট্রোলরুম এবং সেন্ট মার্টিন কোস্ট গার্ডকে জানানো হয়।৯৯৯ কর্তৃপক্ষ জানায়, কলটি রিসিভ করেন ৯৯৯ কলটেকার কনস্টেবল নাঈম ইসলাম এবং বিষয়টি সংশ্লিষ্ট কোস্ট গার্ড স্টেশনের সঙ্গে তদারক এবং সমন্বয় করছিলেন ৯৯৯ ডিসপাচার এসআই সাব্বির আহমেদ নিক্সন।
সংবাদ পেয়ে সেন্ট মার্টিন কোস্ট গার্ডের একটি উদ্ধারকারী দল সকাল ১০টার দিকে ছেড়াদ্বীপ থেকে প্রায় ১২ কিমি. (৫ নটিক্যাল মাইল) দূরত্বে গভীর সমুদ্রের বাদরপাথর এলাকা থেকে ভাসমান অবস্থায় ৪ জেলেকে উদ্ধার করে।
সেন্ট মার্টিন কোস্ট গার্ডের পেটি-অফিসার মোস্তাফিজ মামুন জানান, উদ্ধার করা জেলেদের প্রাথমিক চিকিৎসা দিয়ে সেন্ট মার্টিন পৌঁছে দেওয়া হয়েছে।