অনলাইন ডেস্কঃ
জাতীয় সংসদের ডেপুপি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, বাংলাদেশকে সামনে এগিয়ে নিতে এবং নতুন বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে সাংবাদিকদের এগিয়ে আসতে হবে। কেউ ভুলের ঊর্ধ্বে নয়, সব কিছু ভুলে গিয়ে সরকারের সব উন্নয়নমূলক কাজে সাংবাদিকদের সহযোগিতা করতে আহ্বান জানান তিনি।
বুধবার (২২ জুলাই) সকাল ১০টায় নেত্রকোনার দুর্গাপুরে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) আয়োজিত সাংবাদিকদের তিন দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধনকালে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।
ব্যারিস্টার কায়সার কামাল বলেন, সাংবাদিকতা একটি মহান পেশা। এ পেশাকে অনেকেই কলুষিত করতে চাচ্ছে। কিন্ত এটা আদৌ ঠিক নয়। আমি আপনাদের অনুরোধ জানাব, আমার ক্রটিগুলোও তুলে ধরুন। আমার কাজেও ভুল থাকতে পারে, আপনারা সেই ভুলগুলো তুলে ধরলে আমি নিজেকে শোধরাতে পারব। সাংবাদিকতাকে পুঁজি করে কেউ অপসাংবাদিকতায় জড়িয়ে যাবেন না। আপনারা জাতির বিবেক, আসুন সবাই মিলে বাংলাদেশকে গড়ে তুলি।
পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ বলেন, বর্তমান সময়ে তথ্যের প্রবাহ যেমন বেড়েছে, তেমনি ভুয়া তথ্য ছড়িয়ে পড়ার ঝুঁকিও বহুগুণ বৃদ্ধি পেয়েছে। তাই একজন সাংবাদিকের দায়িত্ব শুধু তথ্য সংগ্রহ নয়, তথ্যের সত্যতা যাচাই করেও তা প্রকাশ করা।
তিনি বলেন, এআই প্রযুক্তি সাংবাদিকতার নতুন সম্ভাবনার দ্বার খুলে দিলেও এর ব্যবহার হতে হবে নৈতিকতা ও দায়িত্ববোধের সঙ্গে। ফ্যাক্ট চেকিংয়ে দক্ষতা অর্জনের মাধ্যমে সাংবাদিকরা আরও নির্ভুল ও বিশ্বাসযোগ্য সংবাদ পরিবেশন করতে পারবেন।
পিআইবির এ কর্মসূচির মূল লক্ষ্য হলো- ডিজিটাল প্রযুক্তি, তথ্য-যাচাই, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং মাল্টিমিডিয়া সাংবাদিকতার নৈতিক ও কার্যকর ব্যবহার নিশ্চিত করা। পাশাপাশি অংশগ্রহণকারীদের এমন দক্ষতা অর্জনে সহায়তা করা, যাতে সাংবাদিকরা আরও নির্ভুল, বিশ্বাসযোগ্য, তথ্যসমৃদ্ধ ও পাঠকবান্ধব সংবাদ ও ফিচার তৈরি করতে পারেন। পাশাপাশি সাংবাদিকতায় এআই ব্যবহারের সুযোগ, সীমাবদ্ধতা ও চ্যালেঞ্জ এবং সেগুলো মোকাবিলার কৌশল নিয়েও তাদের জ্ঞান বিকশিত করতে পারে।
এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নেত্রকোনার জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান, পুলিশ সুপার তরিকুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহমেদ সাদাত, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমির পরিচালক অঞ্জন কুমার চিছাম, প্রশিক্ষক আলী আকবর। অনুষ্ঠান সঞ্চালনা করেন পিআইবির প্রশিক্ষক সাহানোয়ার সাইদ শাহীন।
সাংবাদিকদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারে দক্ষ করে তোলা এবং ভুয়া তথ্য শনাক্তে সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে ‘এআই ও ফ্যাক্ট চেকিং বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা’ শুরু হয়েছে। এতে দুর্গাপুর উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার ৩৫ জন সাংবাদিক অংশ নেন। আগামী ২৪ জুলাই বিকালে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণের মাধ্যমে এ প্রশিক্ষণ শেষ হবে।
দৈনিক সকালবেলা National Daily Newspaper
