Monday , 19 January 2026
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
পোস্টাল ব্যালট খামে রাজনৈতিক প্রচারণা চালালে কঠোর শাস্তি
--ফাইল ছবি

পোস্টাল ব্যালট খামে রাজনৈতিক প্রচারণা চালালে কঠোর শাস্তি

অনলাইন ডেস্ক:

ব্যালটের গোপনীয়তা ও নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিত করতে পোস্টাল ভোটে কড়া নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ ক্ষেত্রে ডাকযোগে পাঠানো ব্যালটের খামে কোনো কিছু লিখে রাজনৈতিক প্রচারে অংশ নিলে সংশ্লিষ্ট ভোটারের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্লক করে দেবে ইসি।

আজ রবিবার প্রবাসী ভোটার নিবন্ধনবিষয়ক ‘ওসিভি-এসডিআই’ প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান এ তথ্য জানান। এ বিষয়ে পোস্টাল ভোট বিডি অ্যাপে ইসির ‘গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি’ প্রকাশ করা হয়েছে।

এতে বলা হয়, ‘পোস্টাল ভোট বিডি (Postal Vote BD) অ্যাপের মাধ্যমে নিবন্ধন সম্পন্নকারী সব ভোটারকে অবহিত করা যাচ্ছে যে আপনার ব্যালট পেপার শুধু আপনি সংগ্রহ করুন। ব্যালট পেপারের গোপনীয়তা রক্ষার্থে অন্য কোনো ব্যক্তির সহায়তা নেওয়া থেকে বিরত থাকুন। ব্যালট খামের ওপর কোনো কিছু লিখে রাজনৈতিক প্রচার-প্রচারণা চালানো আইনত দণ্ডনীয় অপরাধ। এ ক্ষেত্রে আপনার এনআইডি কার্ড ব্লক এবং অন্যান্য আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হতে পারে।

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে বিশ্বের ১২১টি দেশে ৭ লাখ ৬৭ হাজার ২৮ জন প্রবাসী ভোটারের কাছে পোস্টাল ব্যালট পাঠানোর কাজ সম্পন্ন করেছে নির্বাচন কমিশন (ইসি)।

এবার প্রথমবারের মতো প্রবাসী ভোটের দায়িত্বে নিয়োজিত সরকারি চাকরিজীবী, আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্য ও কয়েদিরা পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন। পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৩ জন নিবন্ধন করেছেন। এদের মধ্যে দেশে বসবাসরত ভোটার রয়েছেন ৭ লাখ ৬১ হাজার ১৪১ জন।

About Syed Enamul Huq

Leave a Reply