বিদেশ ডেস্ক:
বিদেশ সফরে সাধারণত কোনো রাষ্ট্রীয় ভোজে অংশ নেন না রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কূটনীতি ও রাজনীতির মতোই তার খাদ্যাভ্যাসও কঠোর নিয়মের বেড়াজালে বাঁধা। তাই রাষ্ট্রপ্রধানদের জন্য আয়োজিত আড়ম্বরপূর্ণ ভোজে না গিয়ে নিজস্ব ডায়েট ও নিরাপত্তা প্রটোকলই অনুসরণ করেন তিনি।
দুই দিনের রাষ্ট্রীয় সফরে এই মুহূর্তে ভারতে অবস্থান করছেন পুতিন।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, বিদেশ সফরে খাদ্যগ্রহণে সামরিক রীতিনীতিই অনুসরণ করেন পুতিন।
তার জন্য আলাদা করে স্থাপন করা হয়েছে বিশেষ রান্নাঘর, যেখানে নির্দিষ্ট শেফের তৈরি খাবার কয়েক ধাপ পরীক্ষা-নিরীক্ষার পর পৌঁছায় প্রেসিডেন্টের টেবিলে। এমনকি প্রতিটি সফরেই সঙ্গে থাকে একটি বহনযোগ্য ‘টেস্টিং ল্যাব’, যাতে নিশ্চিত করা যায় খাবারের সর্বোচ্চ নিরাপত্তা।
বিদেশে গেলে হোটেল বা রাষ্ট্রীয় ভোজে সাধারণত অংশ নেন না তিনি। অনুসরণ করেন নির্দিষ্ট ডায়েট পরিকল্পনা—যার মূলনীতি তিনটি, শৃঙ্খলা, সরলতা ও নিরাপত্তা।
তার দিন শুরু হয় রাশিয়ার জনপ্রিয় ফরগ নামে একধরনের পনির ও মধু দিয়ে। সঙ্গে থাকে দুধ বা পানিতে ভেজানো শস্যজাতীয় নরম খাবার।
দুপুর ও রাতের খাবারে প্রাধান্য পায় ধোঁয়ায় রান্না করা তাজা মাছ। লাল মাংস খুব একটা গ্রহণ না করলেও মাঝেমধ্যে খান ভেড়ার মাংস—তাতেও মসলা থাকতে হবে খুবই পরিমিত। মূল খাবারের সঙ্গে নিয়মিত থাকে টমেটো, শসা ও সবুজ সবজির সালাদ।
দিনের শেষে থাকে তাজা ফলের শরবত, ভেষজ পানীয় বা রাশিয়ার ঐতিহ্যবাহী বিটরুট (হর্সর্যাডিশের জুস) যা পুতিনের খাদ্যতালিকায় অপরিহার্য।
দৈনিক সকালবেলা National Daily Newspaper
