Wednesday , 22 July 2026
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
মহাসড়ক অবরোধ করে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল
--সংগৃহীত ছবি

মহাসড়ক অবরোধ করে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

অনলাইন ডেস্কঃ

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা চত্বরে নির্মিত শেখ মুজিবুর রহমানের ম্যুরালে কালিলেপন ও অবমাননার প্রতিবাদে এবং শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে নিষিদ্ধঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ।

সোমবার (১৫ জুন) দুপুর পৌনে ১২ টার দিকে উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের রাতইল হর্টিকালচার সেন্টার এলাকায় নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল বের করেন।

এতে কে নেতৃত্ব দেন সেটা নিশ্চিত হওয়া যায়নি। তবে এদিন দুপুর ১২টার দিকে কাশিয়ানী উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি সুমন সরদার তার ব্যক্তিগত ফেসবুক পেজে বিক্ষোভ মিছিলের একটি ভিডিও শেয়ার করেন।

ভিডিওতে দেখা যায়, ঢাকা-খুলনা মহাসড়কের উপজেলার রাতইল হর্টিকালচার সেন্টার এলাকায় ৪০-৫০ জন নেতাকর্মী নিয়ে একটি মিছিল বের করা হয়েছে। এ সময় তারা সড়কে আগুন জ্বালিয়ে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ এবং ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ স্লোগান দেন। তারা শেখ মুজিবুর রহমানের ম্যুরালে কালিলেপনের ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানান। এসময় উভয়পাশে বেশকিছু যানবাহন আটকা পড়েছে।

জানা গেছে, গত ৯ জুন মঙ্গলবার রাতে কাশিয়ানী উপজেলা পরিষদ চত্বরে নির্মিত শেখ মুজিবুর রহমানের ম্যুরালে কে বা কারা কালিলেপন করে। এর পরের দিন বুধবার রাত ৮টার দিকে উপজেলা ছাত্রলীগের কিছু নেতাকর্মীকে ম্যুরালের সেই কালি মুছে পরিষ্কার করতে দেখা যায়। ম্যুরাল পরিষ্কার করার এই ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে মুহূর্তের মধ্যে তীব্র ক্ষোভ ও প্রতিবাদের ঝড় ওঠে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ সাধারণ মানুষ ফেসবুকে এ ঘটনার তীব্র নিন্দা জানান।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত ওসি মুহাম্মদ মাহফুজুর রহমান জানান, ‘শুনেছি ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিল করেছিল। ঘটনাস্থলে গিয়ে কাউকে পাইনি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

About Syed Enamul Huq

Leave a Reply