Monday , 19 January 2026
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ

সংবাদ প্রকাশের জেরে এভারকেয়ারের সামনে সাংবাদিক হেনস্তা

অনলাইন ডেস্ক:

রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চলমান চিকিৎসা কাভার করতে গিয়ে হেনস্তার শিকার হয়েছেন দৈনিক যুগান্তর মাল্টিমিডিয়ার স্টাফ রিপোর্টার আবু সালেহ মুসা। হাসপাতালের সামনে নিয়মিত সংবাদ সংগ্রহ ও পরিবেশনের কাজে নিয়োজিত আছেন তিনি।

গত ১ ডিসেম্বর ‘এভারকেয়ারের সামনে ছবি ও সেলফি তোলার হিড়িক’ শিরোনামে তার সংবাদ প্রকাশ পেলে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। এরই জের ধরে পরদিন দায়িত্ব পালনের সময় হাসপাতালের সামনে বিএনপির সমর্থক পরিচয় দেওয়া মো. রফিক ইসলাম সশরীরে তাকে হেনস্তা করেন।

তবে এখানেই থেমে থাকেননি রফিক। ঘটনাস্থল থেকেই নিজের ফেসবুক আইডিতে সরাসরি লাইভ করে সাংবাদিককে অপমানজনকভাবে প্রশ্নবানে জর্জরিত করেন এবং আশপাশে দায়িত্বে থাকা অন্যান্য সাংবাদিকদেরও একে একে পরিচয় জানতে চান লাইভে।

খোঁজ নিয়ে জানা যায়, অভিযুক্ত রফিক ইসলামের বাড়ি পশ্চিম পোল মোগরা, ডাকঘর বড়তাকিয়া, থানা মিরসরাই, ইউনিয়ন ১২-এর ৭ নম্বর ওয়ার্ড। বর্তমানে তিনি ঢাকায় থাকছেন।

তবে তিনি বিএনপির কোনো পদে না থাকলেও দলীয় সমর্থকের পরিচয়ে সাংবাদিককে হেনস্তা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।এ ঘটনায় মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (এমআরএ) তীব্র নিন্দা জানিয়েছে। এতে সংগঠনটির সভাপতি ফখরুল ইসলাম বলেছেন, ‘সাংবাদিক হেনস্তার এই ঘটনা গভীর উদ্বেগজনক। আমরা চাই বিএনপি দ্রুত পদক্ষেপ নিক এবং অভিযুক্তকে আইনের আওতায় আনা হোক।

এমআরএ মনে করে, সাংবাদিকদের নিরাপত্তা সুরক্ষিত না হলে পেশাগত দায়িত্বপালন বাধাগ্রস্ত হবে। তাই অবিলম্বে অভিযুক্তকে শনাক্ত করে আইনের আওতায় আনা এবং বিএনপির পক্ষ থেকে দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা করছে সংগঠনটি।

এ ছাড়া বিভিন্ন সাংবাদিক সংগঠন এ ঘটনার নিন্দা জানিয়ে নিরাপদ কর্মপরিবেশ ও দোষীর বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি করেছেন।

About Syed Enamul Huq

Leave a Reply