তালা উপজেলা প্রতিনিধিঃ
সাতক্ষীরার কলারোয়ায় নিখোঁজের দু’দিন পর ইমরান হোসেন (৩৫) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৭ আগস্ট) সকাল ৮টার দিকে উপজেলার কাজীরহাট কলেজ সংলগ্ন একটি মাছের ঘের থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয়রা মাছের ঘেরে মরদেহটি ভেসে থাকতে দেখে থানা পুলিশকে খবর দেয়। নিহত ইমরান হোসেন উপজেলার কেরালকাতা গ্রামের ছদর আলীর ছেলে।
নিহতের স্বজনরা জানান, ইমরান রাজমিস্ত্রীর কাজ করতো। গত রবিবার রাত ৯টা থেকে সে নিখোঁজ ছিল। পরবর্তীতে থানায় নিখোঁজ ডায়েরী করা হয়। তারা আরও বলেন, নিহত ইমরানের দুই বিবাহ নিয়ে পারিবারিক বিরোধ ছিল। এঘটনায় নিহতের পরিবার থানায় হত্যা মামলা দায়ের করার প্রস্তুতি নিচ্ছে বলে জানান।
কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ সাইফুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হত্যার পর মরদেহটি মাছের ঘেরে ফেলে দেয়া হয়। পরে খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আমরা অনুসন্ধান করছি এই হত্যাকাণ্ডে কে বা কারা জড়িত। পুলিশের একাধিক টিম এ বিষয়ে মাঠে কাজ করছে বলেও জানান তিনি।
দৈনিক সকালবেলা National Daily Newspaper
