Saturday , 14 March 2026
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
সেতু না থাকায় ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকোতে চলাচল, দুর্ভোগে প্রায় ১৫ হাজার মানুষ
--প্রেরিত ছবি

সেতু না থাকায় ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকোতে চলাচল, দুর্ভোগে প্রায় ১৫ হাজার মানুষ

মেহেরুবান হাবিব

লালমনিরহাট প্রতিনিধিঃ
‎লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার কুচলিবাড়ী ইউনিয়নের জোড়াপুল ও জুম্মারপাড় এলাকায় সানিয়াজান নদীর ওপর প্রায় চার দশক ধরে কোনো স্থায়ী সেতু নির্মিত হয়নি। ফলে এলাকার প্রায় ১২ থেকে ১৫ হাজার মানুষ চরম ভোগান্তি ও ঝুঁকি নিয়ে প্রতিদিন পারাপার করতে বাধ্য হচ্ছেন।‎

বর্তমানে জোড়াপুল এলাকায় বাঁশের তৈরি একটি নড়বড়ে সাঁকোই সানিয়াজান নদী পারাপারের একমাত্র ভরসা। প্রায় ১৫ ফুট উঁচু এ সাঁকোটি যেকোনো সময় ভেঙে পড়ে প্রাণহানির আশঙ্কা তৈরি করছে। বর্ষা ও শুষ্ক-দুই মৌসুমেই নদীর দক্ষিণ অংশের বাসিন্দাদের এই অস্থায়ী সাঁকোর ওপর নির্ভর করতে হয়।

‎দীর্ঘদিন ধরে সেতু না থাকায় ইউনিয়নের অন্তত ১০টি গ্রামের মানুষ সীমাহীন দুর্ভোগে পড়েছেন। শিক্ষার্থী, চাকরিজীবী, কৃষক, রোগী, নারী-পুরুষ ও শিশু-কিশোরসহ প্রতিদিন হাজারো মানুষ ঝুঁকি নিয়ে এই সাঁকো ব্যবহার করছেন। ইতোমধ্যে অনেকেই নদীতে পড়ে দুর্ঘটনার শিকার হয়েছেন। সময়মতো রোগীকে চিকিৎসাকেন্দ্রে নিতে না পারায় প্রাণহানির ঘটনাও ঘটেছে বলে অভিযোগ রয়েছে।

‎স্থানীয়রা জানান, প্রতিবছর শুষ্ক মৌসুমে প্রায় ১৫০ থেকে ২০০ ফুট এবং বর্ষা মৌসুমে ২৫০ থেকে ৩০০ ফুট দৈর্ঘ্যের বাঁশের সাঁকো স্থানীয় উদ্যোগ ও অর্থায়নে নির্মাণ করা হয়। তবে নির্দিষ্ট সময় পার হলে সাঁকোটি নড়বড়ে হয়ে পড়ে এবং চলাচল মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে।

‎এলাকাবাসীর অভিযোগ, ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরে বহুবার আবেদন করা হলেও স্থায়ী সমাধান মেলেনি। উপজেলা প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তারা কয়েক দফা মাটি পরীক্ষা ও পরিমাপ করলেও বছরের পর বছর ধরে শুধু আশ্বাসই পাওয়া গেছে।

‎এ বিষয়ে পাটগ্রাম উপজেলা প্রকৌশলী (এলজিইডি) আহমেদ হায়দার জামান বলেন, ওই স্থানে ১০৪ মিটার দৈর্ঘ্যের একটি ব্রিজ নির্মাণের পরিকল্পনা রয়েছে। প্রকল্পটি বর্তমানে টেন্ডারিং ও এপিপি পর্যায়ে আছে। টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়ে ঠিকাদার নিয়োগ হলে দ্রুত নির্মাণকাজ শুরু করা হবে, ইনশাআল্লাহ।

About Syed Enamul Huq

Leave a Reply