সংস্কার উদ্যোগের শুরু থেকে সংস্কার-প্রতিরোধক অপশক্তির কাছে অন্তর্বর্তী সরকার আত্মসমর্পণ করেছে বলে মন্তব্য করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।
তিনি বলেন, শুরু থেকেই অন্তর্বর্তী সরকার সংস্কার-প্রতিরোধী মহলকে চিহ্নিত করে প্রতিহত করার গুরুত্ব বোঝার চেষ্টা করেনি। বরং এই অপশক্তির কাছে আত্মসমর্পণের ফলে অনেক গুরুত্বপূর্ণ সুপারিশ বাতিল হয়েছে।
সোমবার (১২ জানুয়ারি) রাজধানীর ধানমণ্ডিতে টিআইবি আয়োজিত ‘অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশ প্রণয়নে সংস্কার বিমুখতা’ শীর্ষক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সরকারের অভ্যন্তরে ও সরকারের পেছনের ক্ষমতার ভিত্তি বিবেচনায় সংস্কার বাস্তবায়নের নামে এড-হক ভিত্তিক বাছাই পদ্ধতি অনুসরণ করা হয়েছে।
অন্যদিকে প্রথম পর্যায়ে গঠিত ছয়টি কমিশনের বাইরে গণমাধ্যম, স্বাস্থ্য, নারীবিষয়ক, শ্রম ও স্থানীয় সরকার সংস্কার কমিশনসহ বাংলাদেশের অর্থনৈতিক অবস্থার ওপর শ্বেতপত্রসহ অনেক ক্ষেত্রেই সুপারিশ বাস্তবায়নের জন্য কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।
তিনি আরো বলেন, সংস্কারের জন্য খাত বা প্রতিষ্ঠান নির্ধারণে কোনো সুনির্দিষ্ট কৌশল অনুসরণ করা হয়নি।
দৈনিক সকালবেলা National Daily Newspaper
