Thursday , 27 August 2026
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
এটা শাহবাগ-পল্টন না: স্বরাষ্ট্রমন্ত্রী
--সংগৃহীত ছবি

এটা শাহবাগ-পল্টন না: স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্কঃ

জাতীয় সংসদের অধিবেশনের শুরুতে সরকারের ছয় মাসের অপরাধ পরিস্থিতি তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী সফল না ব্যর্থ— এমন প্রশ্ন করাকে কেন্দ্র করে জাতীয় সংসদে তীব্র হট্টগোল হয়। বিরোধী দলীয় সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী সফল না ব্যর্থ— এটা শাহবাগ ও পল্টনে বলা যায়। সংসদে এ ধরনের প্রশ্ন চলে না।’ বৃহস্পতিবার (২৭ আগস্ট) জাতীয় সংসদের অধিবেশনে তিনি এ কথা বলেন।

হাসনাত আবদুল্লাহ সরকারের গত ছয় মাসের অপরাধ পরিস্থিতির চিত্র তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জানতে চান, তিনি সফল না ব্যর্থ। জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এটি কোনো প্রশ্ন নয়, বরং ‘পল্টনের বক্তব্য’।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গত ছয় মাসে সংঘটিত প্রতিটি অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনা হয়েছে। কোনো অপরাধীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি— এমন নির্দিষ্ট উদাহরণ দিতে তিনি বিরোধী সংসদ সদস্যদের প্রতি আহ্বান জানান।

তিনি বলেন, ‘স্পেসিফিক করে বলতে হবে, কোন অপরাধে শাস্তি হয়নি।’

তবে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে ‘শাহবাগ ও পল্টন’ প্রসঙ্গ উঠে আসার পর সংসদে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিরোধী দলের সংসদ সদস্যরা নিজ নিজ আসন থেকে উঠে প্রতিবাদ ও চিৎকার করতে থাকেন।

পরিস্থিতির মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী স্পিকারের হস্তক্ষেপ কামনা করে বলেন, ‘মাননীয় স্পিকার, আমি আপনার শেল্টার চাই।’

পরে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করেন। তিনি অভিযোগ করেন, স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে সব সময় তুচ্ছতাচ্ছিল্য করে কথা বলেন এবং নিজেকে সংসদের শিক্ষক হিসেবে উপস্থাপন করেন।

ডা. শফিকুর রহমান বলেন, ‘আমরা তার ছাত্র হতে সংসদে আসিনি। তিনি শিক্ষকতা করতে চাইলে বিশ্ববিদ্যালয় খুলতে পারেন। সেখানে যার ইচ্ছা ভর্তি হবে, শিখবে।’

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে সংসদের সৌন্দর্য ক্ষুণ্ন হয়েছে দাবি করে তিনি বলেন, ‘সংসদের সৌন্দর্যের জন্য তাকে  ক্ষমা চাইতে হবে।’

About Syed Enamul Huq

Leave a Reply