জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর ২৩তম দিনের সংলাপে আজ বৃহস্পতিবার উচ্চকক্ষ নিয়ে আলোচনার এক পর্যায়ে জাতীয় দল ও এনসিপির প্রতিনিধিদের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। দুপুরে মধ্যাহ্নবিরতির আগে এ সময় সভাস্থলে কিছু সময় বিতর্ক চলে, উত্তেজিত হয়ে পড়েন নেতারা।
আনুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর নিয়ে বিএনপির অবস্থান ব্যাখ্যা করে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, তারা সংবিধান সংশোধনের ক্ষমতা উচ্চকক্ষের হাতে দিতে চান না। উচ্চকক্ষের প্রতিনিধিদের অনির্বাচিত আখ্যা দিয়ে তিনি বলেন, ‘পৃথিবীর কোনো দেশেই অনির্বাচিত ব্যক্তিদের হাতে সংবিধান সংশোধনের ক্ষমতা থাকে না।
এ সময় জাতীয় দলের চেয়ারম্যান এবং ১২ দলীয় জোটের সমন্বয়ক সৈয়দ এহসানুল হুদা মাইক ছাড়া জাবেদ রাসিনকে উদ্দেশ করে বলেন, ‘২০২৩ সালে যখন আন্দোলন হচ্ছিল, তখন আপনারা কোথায় ছিলেন?’ তখনই জাবেদ রাসিন তার প্রতিবাদ করেন (মাইক ছাড়া) এবং সঙ্গে সঙ্গে সংলাপে উত্তেজনা তৈরি হয়। তাদের দুজনকেই তখন মাইক ছাড়া পাল্টাপাল্টি বক্তব্য দিতে দেখা যায়।
আখতার তখন বলতে থাকেন, ‘আমরা বাচ্চাকাল থেকে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করে আসছি।’ এ সময় আলী রীয়াজ বলেন, ‘কারো লোকাস স্ট্যান্ডিং নিয়ে প্রশ্ন করার দরকার নেই।
আখতার তখন আবার বলেন, ‘সবাইকে নিয়ে আমরা গণ-অভ্যুত্থান করেছি। গোটা অভ্যুত্থানে ছাত্র-জনতা মাঠে নেমে এসেছিল, সেটার অস্তিত্ব নিয়ে প্রশ্ন করা হয়েছে। এটার জন্য তার (হুদার) ক্ষমা চাওয়া উচিত।’ এ সময় সালাহউদ্দিনকে বলতে শোনা যায়, ‘আচ্ছা হুদা ভাই, আপনি স্যরি বলেন।’
এ সময় গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকী এ বিষয়ে কথা বলতে উঠে দাঁড়ালে, আলী রীয়াজ তাকে অনুরোধ করে বসিয়ে দেন। সাকী কিছু একটা বলার চেষ্টা করলেও মাইক ছাড়া তা শোনা যায়নি। পরে সালাহউদ্দিন হুদাকে উদ্দেশ করে বলেন, ‘কেউ যদি মনে কষ্ট পেয়ে থাকে, তার জন্য স্যরি বলেন।’
তখন এহসানুল হুদা মাইক নিয়ে বলেন, ‘আমি বলতে চেয়েছিলাম ২০২৩ সালে আমরা উচ্চকক্ষের প্রস্তাব দিয়েছিলাম, তখন সে প্রস্তাবটি (পিআর) কোথায় ছিল। তার পরও কেউ যদি আঘাত পেয়ে থাকে, আমি দুঃখিত।’
এর পরপরই আলী রীয়াজ মধ্যাহ্নভোজের বিরতির ঘোষণা দেন। বিরতির সময় হুদাকে আবার আখতারের কাছে তার বক্তব্যের ব্যাখ্যা দিয়ে তার সাথে কোলাকুলি করতে দেখা যায়। তখন হুদাকে বলতে শোনা যায়, ‘আমার অনুরোধ, আমরা এটা নিয়ে আর সিনক্রিয়েট না করি। আমার আপনাদের নিয়ে প্রশ্ন করার কোনো ইনটেনশন ছিল না।’ পাশ থেকে একজনকে বলতে শোনা যায়, ‘আপনার এটা নিয়ে প্রশ্ন করা ঠিক হয়নি।’ পরে আখতার হোসেন হুদাকে জাবেদ রাসিনের সঙ্গে কোলাকুলি করিয়ে দেন।
দৈনিক সকালবেলা National Daily Newspaper
