কুষ্টিয়া প্রতিনিধি:
কুষ্টিয়ায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) জায়গা দখল করে গড়ে ওঠা ৩৫টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে জেলা প্রশাসন।
গতকাল শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত চৌড়হাস পশ্চিমপাড়া এলাকায় জিকে ক্যানেলের পাশে এই অভিযান পরিচালিত হয়। উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহিদ হাসান। এ সময় সেনাবাহিনী, পুলিশ, আনসার এবং পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। প্রায় তিন দশকের বেশি সময় ধরে গড়ে ওঠা এসব ছোট—বড় কাঁচা ঘর ও দোকানপাট ভেঙে গুড়িয়ে দেওয়া হয়। অনেকেই এই উচ্ছেদে ঘর হারিয়ে ক্ষোভ ও হতাশা প্রকাশ করেন। তাদের ভাষায়, ‘বাপ—দাদার আমল থেকে এখানে বসবাস করে আসছি। এখন পরিবার নিয়ে কোথায় যাব? আমাদের তো আর কোনো জমি বা আশ্রয়ের জায়গা নেই।’ এ বিষয়ে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহিদ হাসান জানান, “পানি উন্নয়ন বোর্ডের জমিতে দীর্ঘদিন ধরে অবৈধভাবে ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছিল।
এর ফলে কৃষকের জমিতে সেচের পানি পেঁৗছাতে বাধা সৃষ্টি হচ্ছিল। তাই এসব দখলদারদের উচ্ছেদ করা হয়েছে।” তিনি আরও জানান, “এর আগে প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে তাদের স্থাপনা সরিয়ে নিতে বলা হয়েছিল। কিন্তু তারা নির্দেশনা উপেক্ষা করায় এ কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে।” পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাশিদুর রহমান বলেন, “শুধু চৌড়হাস নয়, জেলার অন্যান্য এলাকাতেও পাউবোর জমি দখল করে গড়ে ওঠা সব অবৈধ স্থাপনা পর্যায়ক্রমে উচ্ছেদ করা হবে। এই অভিযান অব্যাহত থাকবে যতক্ষণ না পুরো দখলমুক্ত করা যায়।” এই অভিযানের ফলে স্থানীয় জনমনে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। প্রশাসন বলছে, জনস্বার্থেই এ সিদ্ধান্ত। তবে ঘর হারানো মানুষের মানবিক বিবেচনায় পুনর্বাসনের দাবিও উঠেছে সামাজিক মহলে।
দৈনিক সকালবেলা National Daily Newspaper
