Wednesday , 24 June 2026
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
খুলনায় পুলিশের ৮১৭ প্রশিক্ষণার্থী সমাপনী কুচকাওয়াজ

খুলনায় পুলিশের ৮১৭ প্রশিক্ষণার্থী সমাপনী কুচকাওয়াজ

খুলনা প্রতিনিধি
খুলনা পুলিশ ট্রেনিং সেন্টারে রোববার সকালে ৫৮তম ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) ব্যাচের প্রশিক্ষণ সমাপনী ও কুচকাওয়াজ আয়োজন করা হয়। এ ব্যাচের ৮১৭ জন প্রশিক্ষণার্থী এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের অ্যাডিশনাল আইজি (লজিস্টিকস অ্যান্ড অ্যাসেট অ্যাকুইজিশন) মোসলেহ উদ্দিন আহমদ। তিনি রিক্রুট কনস্টেবলদের উদ্দেশ্যে বলেন, “জনগণের জীবন ও সম্পদ রক্ষাসহ ট্রাফিক নিয়ন্ত্রণ, দুর্যোগ ব্যবস্থাপনা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধিতে পুলিশের ভূমিকা অপরিহার্য। ১৯৭১ সালের ২৫ মার্চ কালরাত্রিতে রাজারবাগ পুলিশ লাইনস থেকে পুলিশের সদস্যরাই প্রথম হানাদার বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলেন। আমরা সেই গৌরবোজ্জ্বল ইতিহাসের অংশ হিসেবে গর্বিত।”

অ্যাডিশনাল আইজি আরও বলেন, “প্রশিক্ষণে অর্জিত জ্ঞান মাঠ পর্যায়ে গিয়ে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজে লাগাতে হবে। ধর্ম—বর্ণ নির্বিশেষে সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠায় কাজ করতে হবে এবং জনগণের সঙ্গে সদয় আচরণ বজায় রাখতে হবে। দুর্নীতি ও অসদাচরণ যেন কখনো তোমাদের স্পর্শ না করে। তোমাদের মধ্যেই জনগণের আশা—আকাঙ্খার প্রতিফলন ঘটবে।” তিনি নবীন প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে পুলিশের গৌরবোজ্জ্বল ইতিহাস, ন্যায়বিচার প্রতিষ্ঠা ও পেশাদারিত্ব বজায় রাখার উপর গুরুত্ব আরোপ করে দেশের ভাবমূর্তি সমুজ্জ্বল রাখতে সর্বোচ্চ দক্ষতা নিয়ে দায়িত্ব পালনের আহ্বান জানান।

সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে খুলনা পুলিশ ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট আবদুল কুদ্দুছ চৌধুরী, খুলনা পুলিশের রেঞ্জ ডিআইজি মোঃ রেজাউল হক, মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ জুলফিকার আলী হায়দার, ডিজিএফআই এর জিএস কর্নেল একেএম রাশেদুজ্জামান, সামরিক ও বেসামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং প্রশিক্ষণার্থীদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের মনোজ্ঞ কুচকাওয়াজ প্রদর্শন ও সালাম গ্রহণ করা হয়। এছাড়া কৃতি প্রশিক্ষণার্থীদের মাঝে ট্রফি প্রদান করা হয়। ৫৮তম টিআরসি ব্যাচ থেকে সর্ববিষয়ে চৌকস টিআরসি নির্বাচিত হন শেখ সোহেল রানা, একাডেমিক বিষয়ে শ্রেষ্ঠ টিআরসি মোঃ তামীম হুসাইন, মাঠ বিষয়ে শ্রেষ্ঠ টিআরসি মোঃ কাওছার হাবিব শেখ এবং মাস্কেট্রিতে শ্রেষ্ঠ টিআরসি নির্বাচিত হন মোঃ সোহান।

About Syed Enamul Huq

Leave a Reply