যারা মৃত তত্ত্বাবধায়ক সরকারকে জীবিত করতে চায়, তাদের লজ্জা হওয়া উচিত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।
আজ বৃস্পতিবার সকালে রাজধানীর গেণ্ডারিয়ায় এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ ও আলোচনাসভায় তিনি এ কথা বলেন।
আগামীকাল ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আঞ্জুমানে মফিদুল এতিমখানায় এ অনুষ্ঠানের আয়োজন করে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক উপকমিটি।
তিনি বলেন, সারা বিশ্বে তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা নেই। দেশের সর্বোচ্চ আদালত এ ব্যবস্থা চিরদিনের জন্য নিষিদ্ধ করেছেন, সেটা নিয়ে বিএনপি মাতামাতি করছে। তাদের লজ্জা থাকা উচিত।
কাদের বলেন, ইতিহাসের বেইমানদের মতো কিছু বিশ্বাসঘাতকের ষড়যন্ত্রের কারণে পরাজয়ের খেসারত দেন বঙ্গবন্ধু। যারা বঙ্গবন্ধুকে স্বীকার করে না তারা এ দেশের জন্ম চেতনাকে বিশ্বাস করে না। বঙ্গবন্ধু শিশুদের ভালোবাসতেন, গুরুত্বও দিয়েছেন আগামীর ভবিষ্যৎ হিসেবে। বাংলাদেশকে জানতে হলে বঙ্গবন্ধুকে জানতে হবে।
ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম আমিনের সভাপতিত্বে আলোচনাসভায় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দীও বক্তব্য রাখেন।
দৈনিক সকালবেলা National Daily Newspaper
