ভারতের সেনাপ্রধান জেনারেল মনোজ পান্ডে দুই দিনের সফরে ঢাকায় এসেছেন। আজ সোমবার (৫ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে ভারতীয় হাই কমিশন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভারতের সেনাপ্রধান জেনারেল মনোজ পান্ডে বাংলাদেশের সেনাপ্রধানের আমন্ত্রণে বাংলাদেশ মিলিটারি একাডেমি, চট্টগ্রামে পাসিং আউট প্যারেড পরিদর্শন করতে ০৫-০৬ জুন বাংলাদেশ সফর করবেন। সফরকালে তিনি ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণের বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রতি শ্রদ্ধা জানাবেন যাঁরা ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় সর্বোচ্চ আত্মত্যাগ করেছিলেন।
এছাড়াও তিনি বাংলাদেশের সেনাপ্রধানের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা করবেন এবং ভারত ও বাংলাদেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতার সামগ্রিক পটভূমি পর্যালোচনা করবেন।
সূত্র: ভারতীয় হাই কমিশন
দৈনিক সকালবেলা National Daily Newspaper
