বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাট জেলার তিনটি পৌরসভায় কর্মরত তৃতীয় ও চতুর্থ শ্রেণির ১২ জন কর্মচারীকে একযোগে বদলি করেছে স্থানীয় সরকার বিভাগ। এটি জেলার ইতিহাসে প্রথমবারের মতো একসঙ্গে এতজন কর্মচারীর স্থানান্তরের ঘটনা, যা প্রশাসনিক মহলে আলোড়ন সৃষ্টি করেছে। গত সোমবার বাগেরহাট স্থানীয় সরকার শাখার উপপরিচালক মো. ফকরুল হাসান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বদলির আদেশ জারি করা হয়। আদেশ অনুযায়ী, বদলি হওয়া কর্মচারীদের আগামী ১৯ জুন তারিখে নিজ নিজ নতুন কর্মস্থলে যোগদান করতে নির্দেশ দেওয়া হয়েছে। এই বদলি আদেশ স্থানীয় সরকার বিভাগের পৌর—১ শাখার ১৫ জানুয়ারি ২০২৫ তারিখের পরিপত্রের আলোকে জনস্বার্থে এবং প্রশাসনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে কার্যকর করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
বদলি হওয়া কর্মচারীদের মধ্যে উল্লেখযোগ্য হলেন—বাগেরহাট পৌরসভার বাজার পরিদর্শক এ কে এম সেলিম, সহকারী কর নির্ধারক মো. সেলিম ফকির, স্বাস্থ্য সহকারী প্রভাত চন্দ্র সাহা, উচ্চমান সহকারী মো. নাসিরউদ্দিন হাওলাদার, বনমালা পাল, নিম্নমান সহকারী কাম মুদ্রাক্ষরিক হাওয়া খাতুন ও আশীষ কুমার হোড়, প্রধান সহকারী মো. রফিকুল ইসলাম, সাঁট মুদ্রাক্ষরিক শেখ শহীদুল কবির এবং রোড রোলার চালক দীপু বিশ্বাস। এছাড়া মোরেলগঞ্জ পৌরসভার কর নির্ধারক মো. ফাহাদ হোসেন ও স্যানিটারি ইন্সপেক্টর এস এম বাদল এবং মোংলাপোর্ট পৌরসভার নিম্নমান সহকারী কাম মুদ্রাক্ষরিক মো. হাসান ও রোড রোলার চালক মো. সিদ্দিককেও বদলি করা হয়েছে
।প্রসঙ্গত, বাগেরহাট পৌরসভার বেশ কয়েকজন কর্মচারীর বিরুদ্ধে অতীতে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছিল। ফলে এই পদক্ষেপকে অনেকেই প্রশাসনিক শুদ্ধি অভিযানের অংশ হিসেবে দেখছেন। এ বিষয়ে স্থানীয় সরকার শাখার উপপরিচালক মো. ফকরুল হাসান বলেন, “পৌরসভার প্রশাসনিক কার্যক্রমে গতিশীলতা আনার লক্ষ্যে এবং জনস্বার্থ বিবেচনায় এই বদলির সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।”
দৈনিক সকালবেলা National Daily Newspaper
