নাটোর প্রতিনিধিঃ
নাটোরে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত ও একজন গুরুতর আহত হয়েছেন। নিহতরা হলেন টিএমএসএস মাঠকর্মী মোমিন ইসলাম (৩২) ও ভ্যানচালক সুরুত আলী (৬৫)। আহত হয়েছেন টিএমএসএস জোনাইল শাখার ম্যানেজার শরিফুল ইসলাম (৪০)। তাকে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই দুটি দুর্ঘটনা ঘটেছে গত শনিবার দুপুর ও বিকেলের দিকে। ঝলমলিয়া হাইওয়ে থানার সার্জেন্ট লুৎফুন্নাহার লতা জানান, প্রথম ঘটনাটি ঘটে দুপুরে, বড়াইগ্রাম উপজেলার জোনাইল এলাকায়।
টিএমএসএস এনজিওর জোনাইল শাখার ম্যানেজার শরিফুল ইসলাম ও মাঠকর্মী মোমিন ইসলাম এক প্রবাসী গ্রাহকের লোন সংক্রান্ত বিষয়ে তার বাড়ি পরিদর্শনের উদ্দেশ্যে মোটরসাইকেলযোগে রওনা দেন। পথে জোনাইল বাজারে এক পথচারীকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি গাছে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই মারা যান মাঠকর্মী মোমিন ইসলাম। গুরুতর আহত হন ম্যানেজার শরিফুল ইসলাম। পরে, স্থানীয়রা ঘটনাটি দেখে দ্রুত পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দেন।
তারা ঘটনাস্থলে পেঁৗছে নিহতের মরদেহ উদ্ধার করে এবং আহত শরিফুলকে দ্রুত হাসপাতালে প্রেরণ করেন। অপরদিকে, বিকেলের দিকে নাটোর সদর উপজেলার ডাল সড়ক এলাকায় নাটোর—বগুড়া মহাসড়কে গরুবাহী একটি মিনি ট্রাকের ধাক্কায় নিহত হন সুরুত আলী নামে এক বৃদ্ধ ভ্যানচালক। নিহত সুরুত আলী সদর উপজেলার ঢাকোপাড়া গ্রামের শুকচাঁদ প্রামাণিকের ছেলে। ঘটনার পর, স্থানীয়রা তাৎক্ষণিকভাবে ট্রাকটি ও এর চালককে আটক করে পুলিশের হাতে সোপর্দ করেন। সবশেষে, দুটি পৃথক দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দুর্ঘটনাগুলো তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট পুলিশ বিভাগ।
দৈনিক সকালবেলা National Daily Newspaper
