রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় নিহতের সংখ্যা যাচাই-বাছাইয়ের মধ্যেই গুজব ও বিভ্রান্তিকর তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এবার এসব নিয়ে মুখ খুলেছেন স্কুলের আগুনে পুড়ে যাওয়া হায়দার আলী ভবনের শিক্ষকা পূর্ণিমা দাস।
ঘটনার প্রত্যক্ষদর্শী এই শিক্ষিকা নিজের ফেসবুক পোস্টে লিখেছেন, ‘ভুল তথ্য ছড়াবেন না। আমিও আগুনের মধ্যে আটকা পড়েছিলাম।
এছাড়া, হায়দার আলী ভবনের সামনে, দোলনায় এবং করিডোরের হাঁটাহাঁটি করা বাচ্চার সংখ্যা অনুমান করা কঠিন বলে জানান তিনি। অনেকের শরীর পুড়ে ছাই হয়ে যাওয়ায় কিছু লাশ খুঁজে পাওয়া যাচ্ছে না বলে মন্তব্য করেন এই শিক্ষিকা।
সম্প্রতি কিছু সামাজিক মাধ্যম ব্যবহারকারী দাবি করছেন, নিহত শিক্ষার্থীদের লাশ ‘গুম’ করা হচ্ছে। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন পূর্ণিমা দাস। তিনি বলেন, ‘আমরা শিক্ষক, রাজনীতিবিদ নই। একটা বাচ্চাকে বাঁচাতে না পারলেও তার লাশ অন্তত বাবা-মায়ের কাছে পৌঁছে দিতে সর্বাত্মক চেষ্টা করব।’
তিনি আরো বলেন, ‘আপনাদের কোনো ধারণা নেই এই শিক্ষকরা কিভাবে বাচ্চাদের আগলে রাখে। প্রতিদিন ছুটির সময় মাহরীন মিস গেটের সামনে দাঁড়িয়ে অভিভাবকদের হাতে বাচ্চাদের বুঝিয়ে দেন। একটা বাচ্চাও না গেলে তিনি সরে দাঁড়ান না।’
পূর্ণিমা দাস গুজব না ছড়াতে অনুরোধ করে বলেন, ‘নিহতের সংখ্যা সামনে বাড়বে, আপনাদের বাড়াতে হবে না। আসুন, আমরা প্রার্থনা করি প্রতিটি ফুলের জন্য যারা অকালে ঝরে গেল— আমাদের শিক্ষক, স্টাফ আর ছোট ছোট শিক্ষার্থীদের জন্য।’
দৈনিক সকালবেলা National Daily Newspaper
