ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে হত্যার হুমকি দিয়েছে ইরানের বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি)। ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ অব্যাহত থাকার মধ্যেই প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে লক্ষ্যবস্তু করার প্রতিশ্রুতি দিয়েছে ইরান।
বিপ্লবী গার্ডসের নিজস্ব ওয়েবসাইট সেপাহ নিউজে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, যদি এই শিশু-হত্যাকারী অপরাধী (নেতানিয়াহু) জীবিত থাকে, তবে আমরা পূর্ণ শক্তি দিয়ে তাকে ধাওয়া করা এবং হত্যা করার অভিযান অব্যাহত রাখব।
এদিকে সংবাদমাধ্যম রয়া নিউজের খবরে জানা গেছে, ইরানের সঙ্গে পূর্ণমাত্রার যুদ্ধ শুরুর পর প্রথম কোনো উচ্চ পর্যায়ের নিরাপত্তা ক্যাবিনেট বৈঠকে অনুপস্থিত রয়েছেন বেনিয়ামিন নেতানিয়াহু। কোনো আগাম ঘোষণা বা ব্যাখ্যা ছাড়াই প্রধানমন্ত্রীর এই অনুপস্থিতি নিয়ে ইসরায়েলজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
জর্দানভিত্তিক সংবাদমাধ্যম রয়া নিউজ জানিয়েছে, যেখানে গুরুত্বপূর্ণ সামরিক সিদ্ধান্ত নেওয়ার কথা ছিল, সেখানে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর অনুপস্থিতি সবাইকে অবাক করেছে। তার পরিবর্তে জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা ও মন্ত্রীরা এই বৈঠকে নেতৃত্ব দেন।
দৈনিক সকালবেলা National Daily Newspaper
