ধার করে কোনো সমাজ ব্যবস্থা চলে না মন্তব্য করে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, সমাজ ব্যবস্থা চলবে দেশের মানুষ কি চায়। মানুষের ইচ্ছার ওপর দিয়ে সমাজ ব্যবস্থা করে গড়ে তুলতে হবে।
আজ মঙ্গলবার দুপুরে পাবনা প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পাবনা প্রেস ক্লাবের আজীবন সদস্য। ‘৭০ এর দশকে তাঁর ছাত্র রাজনীতির প্রসঙ্গ টেনে তিনি অনেক গুণী সাংবাদিক এবং বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের কথা শ্রদ্ধাভরে স্মরণ করেন।
রাষ্ট্রপতি তার সাংবাদিকতা জীবনের বিভিন্ন স্মৃতিচারণ করে বলেন, অনেক গৌরব উজ্জ্বল দিন এই প্রেস ক্লাবে অতিবাহিত করেছি। বিভিন্ন সময়ে মানুষের পাশে দাঁড়িয়েছি। ৭০-৭৫ জনকে চাকরি দিয়েছি কিন্তু কোনো প্রতিদান নিইনি। সব সময় ত্যাগের রাজনীতি করেছি, কোনো ভোগের রাজনীতি করিনি।
এর আগে রাষ্ট্রপতি প্রেস ক্লাব চত্বরে পৌঁছলে ক্লাবের নেতৃবৃন্দ ফুল দিয়ে তাঁকে শুভেচ্ছা জানান। পাবনা প্রেসক্লাব সভাপতি এ বি এম ফজলুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন মাছরাঙ্গা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক এবং পাবনা প্রেস ক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা অঞ্জন চৌধুরী পিন্টু, প্রেস ক্লাবের সাবেক সভাপতি অধ্যক্ষ শিবজিত নাগ, সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা রবিউল ইসলাম রবি এবং সাধারণ সম্পাদক সৈকত আফরোজ আসাদ প্রমুখ আলোচনায় অংশ নেন।
রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের চার দিনের পাবনা সফরের দ্বিতীয় দিনে আজ সকালে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) নগরী পরিদর্শন করেন।
সূত্র : বাসস
দৈনিক সকালবেলা National Daily Newspaper
