বরগুনার বেতাগী পৌর শহরে ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে পৌর শহরের কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কে মিছিল বের করে সংগঠনটির কয়েকজন নেতাকর্মী। নিষেধাজ্ঞা অমান্য করে প্রকাশ্যে মিছিল করায় স্থানীয়দের মধ্যে চরম উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এর আগে গত ৯ ডিসেম্বর সন্ধ্যার পর বরগুনা জেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল কবির রেজা ও সাধারণ সম্পাদক তৌশিকুর রহমার ইমরান সই করা এক চিঠিতে বেতাগী উপজেলা ছাত্রলীগের সোহেল আমিন হাওলাদারকে সভাপতি এবং সিফাত সিকদারকে সাধারণ সম্পাদক করে আগামী একবছরের জন্য বেতাগী ছাত্রলীগের আংশিক কমিটি ঘোষণা করা হয়।
বেতাগী থানার তদন্ত কর্মকর্তা ফারুক আহমেদ বলেন, বিক্ষোভ মিছিলের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছানোর আগেই মিছিলকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়।
এদিকে, স্থানীয় সচেতন মহল মনে করছেন, আইন-শৃঙ্খলা বাহিনীর নিয়মিত নজরদারি ও কঠোর অবস্থান না থাকলে এ ধরনের ঝটিকা কর্মসূচি আরো বাড়তে পারে। তারা দ্রুত দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। বেতাগীতে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে প্রশাসনের কার্যকর ভূমিকা প্রত্যাশা করছেন স্থানীয় সাধারণ মানুষ।
দৈনিক সকালবেলা National Daily Newspaper
